সাতক্ষীরায় ৫৩ দিনে ৮৬ জন শনাক্ত, মারা যাননি কেউ

খুলনা বিভাগের ১০ জেলায় আজ বৃহস্পতিবার পর্যন্ত ১ হাজার ৭৭৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত বিভাগে মারা গেছেন ২৪ জন। তবে বিভাগের ১০ জেলার মধ্যে ৯ জেলাতেই কোভিডে মৃত্যুর ঘটনা ঘটলেও শুধু সাতক্ষীরা জেলায় এখন পর্যন্ত কোভিড–১৯–এ আক্রান্ত ব্যক্তিদের কেউ মারা যাননি।
গত ২৬ এপ্রিল প্রথম সাতক্ষীরায় করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর ৫৩ দিনের মাথায় আজ পর্যন্ত এই জেলায় ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন নয়জন।
খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগে কোভিডে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫০৭ জন। ২৪ ঘণ্টায় ১৬৯ জন মিলিয়ে আজ পর্যন্ত বিভাগের ১০ জেলায় ১ হাজার ৭৭৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত জেলা খুলনা, কম আক্রান্ত জেলা মেহেরপুর।
খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার মো. রুহুল কুদ্দুস জানান, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১৬৯ জনের মধ্যে সবচেয়ে বেশি খুলনা জেলায় ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৮৯। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭৫ জন। মারা গেছেন নয়জন। বিভাগের সবচেয়ে কম করোনাভাইরাসে সংক্রমিত জেলা মেহেরপুর। এখানে শনাক্ত হয়েছেন ৩৬ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয় দুজনের। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ জন। করোনায় মারা গেছেন তিনজন।
এদিকে বাগেরহাট জেলায় আজ করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছুঁয়েছে ১০০। ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন শনাক্ত হয়েছেন। এ জেলায় সুস্থ হয়েছেন ২৬ জন। মারা গেছেন দুজন। বিভাগের সাতক্ষীরা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও সংক্রমণ শনাক্ত হয়নি। জেলায় এখনো পর্যন্ত আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৮৬। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন নয়জন। এই জেলায় এখনো করোনায় কেউ মারা যাননি।
বিভাগের যশোর জেলায় ২৪ ঘণ্টায় ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে শনাক্ত ব্যক্তির মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৮৩। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২০ জন ও মারা গেছে ১ জন। ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় কারও সংক্রমণ শনাক্ত হয়নি। এ পর্যন্ত শনাক্ত ১১৯ জনের মধ্যে ৪৩ জন সুস্থ হয়েছেন। এখানে মারা গেছে দুজন। মাগুরা জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন একজন। এ নিয়ে জেলায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৬। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩ জন ও মারা গেছে ২ জন।
বিভাগের নড়াইল জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন পাঁচজন। এ নিয়ে জেলায় শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৭১। এখানে সুস্থ হয়েছেন ২৩ জন ও মারা গেছে ২ জন। কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২০ জন। এ নিয়ে জেলায় শনাক্ত হয়েছেন ২৭৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭ জন ও মারা গেছে ২ জন। চুয়াডাঙ্গা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন ১৭ জন মিলিয়ে করোনা শনাক্ত ব্যক্তির মোট সংখ্যা দাঁড়াল ১৬৪। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯০ জন ও মারা গেছে ১ জন।