বিদ্রোহের ঘটনায় সাতক্ষীরায় বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) ৬৩ সদস্যের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার করা হয়েছে। বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গতকাল মঙ্গলবার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. শরিফউদ্দিন আজাদ মামলা প্রত্যাহারের নির্দেশ দেন।কড়া নিরাপত্তা পাহারার মধ্যে ৬৩ বিডিআর সদস্যকে গতকাল সকাল সাড়ে আটটার দিকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে জজ আদালতে নিয়ে আসা হয়। এরপর আসামিদের উপস্থিতিতে মামলা প্রত্যাহারের নির্দেশ দেন আদালত।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাতক্ষীরার নীলডুমুর ৭ ব্যাটালিয়ন ও সাতক্ষীরার তালতলার ৪১ ব্যাটালিয়নের সদস্যরা বিদ্রোহ করেন। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ২০০৯ সালের ১৩ মে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বাদী হয়ে নীলডুমুর ৭ ব্যাটালিয়নের ৩৬ জন বিডিআর সদস্যের নামে শ্যামনগর উপজেলা বিচারিক হাকিম আদালতে মামলা করেন। এ ছাড়া সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান বাদী হয়ে সাতক্ষীরা ৪১ ব্যাটালিয়নের ২৭ সদস্যের বিরুদ্ধে মুখ্য বিচারিক হাকিম আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন।গত ৯ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আবু সাঈদ মোল্ল্যা সাতক্ষীরার ২ ব্যাটালিয়নের ৬৩ জন বিডিআর সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের নির্দেশ দেন। আদেশ পাওয়ার পর শ্যামনগর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান ও সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামান গত ২৮ জুন আদালতে সরকারি কৌঁসুলির মাধ্যমে এ মামলা দুটি প্রত্যাহারের আবেদন জানান। গতকাল শুনানি শেষে বিচারক মামলা প্রত্যাহারে আদেশ দেন।