সাতক্ষীরায় ৭০ ভাগ বাগদা চিংড়িঘেরে মড়ক
সাতক্ষীরা জেলায় বাগদা চিংড়ির ৭০ শতাংশ ঘেরে মড়ক দেখা দিয়েছে। চিংড়ি একটু বড় হলেই মরে যাচ্ছে। মহাজনি ও ব্যাংকঋণ নিয়ে চাষ করার পর চিংড়িতে মড়ক দেখা দেওয়ায় চাষিরা হতাশ হয়ে পড়েছেন। এদিকে উৎপাদিত চিংড়ির দরও অন্যবারের তুলনায় অর্ধেকে নেমে এসেছে; পাওয়া যাচ্ছে না চাহিদামতো চিংড়ির পোনা। এ অবস্থা চলতে থাকলে চলতি বছর দেশের ‘সাদা সোনা’ বলে পরিচিত চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্র অর্জিত হবে না বলে আশঙ্কা করছেন চাষিরা। জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরায় ৬০ হাজার ৬৭০ হেক্টর জমিতে ছোট-বড় মিলিয়ে প্রায় ৩৮ হাজার ঘেরে বাগদা চিংড়ির চাষ হচ্ছে। চলতি বছর চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০ হাজার মেট্রিক টন। বাগদা চিংড়ির পোনার চাহিদা নির্ধারণ করা হয়েছে প্রায় ২০ হাজার কোটি। এর অধিকাংশ পোনা সরবরাহ করা হয় কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন হ্যাচারি থেকে। শ্যামনগর উপজেলার ঝাপা গ্রামের চিংড়িচাষি নজরুল ইসলাম জানান, তিনি ৪০ বিঘা জমিতে চিংড়ি চাষ করছেন। তাঁর প্রায় পাঁচ লাখ টাকা ব্যয় হয়েছে। এ জন্য একটি বেসরকারি সংস্থা থেকে চড়া সুদে তিন লাখ টাকা ঋণ নিয়েছেন। কিন্তু চলতি বছর মৌসুমের শুরু থেকে ভাইরাসের কারণে চিংড়ি মরে যাচ্ছে। এভাবে চলতে থাকলে চিংড়ি চাষ ছেড়ে দেওয়া ছাড়া উপায় থাকবে না। একই এলাকার শিক্ষক সুভাষ চন্দ্র মণ্ডল জানান, তিনি ১৫০ বিঘা জমিতে চিংড়ি চাষ করেছেন। কিন্তু চিংড়ি একটু বড় হওয়ার পর তাঁর ঘেরে মড়ক দেখা দেয়। কয়েক দিনের মধ্যে ঘেরের সব চিংড়ি মরে শেষ। নতুন করে চিংড়ির পোনা যে ছাড়বেন, তা-ও পাওয়া যাচ্ছে না। যা পাওয়া যাচ্ছে, তার দাম গত বছরের চেয়ে দ্বিগুণ। আশাশুনি উপজেলার কুল্যা গ্রামের আবদুল বারী জানান, তিনি ব্যাংকঋণ নিয়ে চিংড়ি চাষ করেছেন ১৬০ বিঘা জমিতে। সব খরচ শেষ করার পর তাঁর ঘেরে ভাইরাস দেখা দিয়েছে। চিংড়ি মরে যাচ্ছে। শ্রীউল্যা গ্রামের আবদুর ছাত্তার জানান, তিনি ৪০০ বিঘা জমিতে চিংড়ি চাষ করেছেন। গত মে মাসে ঘেরে চিংড়ির পোনা ছাড়ার পর তা এক মাস পর থেকেই মরা শুরু হয়েছে। প্রথমে মাছ ঘেরের পাশে আসছে; পরে এর গায়ের রং লাল হয়ে মরে যাচ্ছে। নানা রকম ওষুধ প্রয়োগ করেও মড়ক ঠেকানো যাচ্ছে না। ৪০০ বিঘা জমির চিংড়ি চাষ করতে তাঁর ব্যয় হবে প্রায় ৬০ লাখ টাকা। এভাবে চলতে থাকলে তিনি সর্বস্বান্ত হয়ে পড়বেন। জেলা চিংড়ি চাষি সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জেলার ৭০ শতাংশ চিংড়িঘেরে ভাইরাসের আক্রমণ হয়েছে দাবি করে জানান, উৎপাদিত চিংড়ির দাম গত বছরের তুলনায় অর্ধেক। গত বছর ২০টি চিংড়িতে এক কেজির দাম ছিল ৯০০ টাকা। এ বছর তা বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা আবদুল ওয়াদুদ জানান, আবহাওয়াজনিত কারণে শুরুর দিকে ৭০ শতাংশ চিংড়িঘেরে কম-বেশি একধরনের ভাইরাসের আক্রমণ হয়েছিল। এতে অনেক ঘেরের চিংড়ি মরে যায়। বৃষ্টি হওয়ায় ভাইরাসের আক্রমণ অনেক কমে এসেছে। বর্তমানে ৪০ শতাংশ ঘেরে এর আক্রমণ রয়েছে। তিনি বলেন, ভাইরাসে আক্রান্ত হলে চিংড়ির মাথা সাদা হয়ে যাওয়ার কথা, কিন্তু সব চিংড়িতে তা হচ্ছে না। অনেক চিংড়িতে ব্যাকটেরিয়ায় আক্রমণের লক্ষণ পাওয়া যাচ্ছে। নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে চিংড়িচাষিদের।