বিডিআর বিদ্রোহের মামলায় সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের ১০৫ জন আসামির মধ্যে ৯৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত ছয়জনকে বেকসুর খালাস দিয়েছেন। গতকাল বুধবার সকালে ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত ১২-এর সভাপতি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. এহিয়া আযম খান এ রায় ঘোষণা করেন।সাজা পাওয়া জওয়ানদের মধ্যে ১৩ জনকে সর্বোচ্চ সাত বছর, একজনকে ছয় বছর, দুজনকে পাঁচ বছর, একজনকে সাড়ে চার বছর, সাতজনকে চার বছর, দুজনকে সাড়ে তিন বছর, পাঁচজনকে তিন বছর, চারজনকে আড়াই বছর, ১২ জনকে দুই বছর, চারজনকে দেড় বছর, ১৮ জনকে এক বছর, ১৬ জনকে ছয় মাস ও ১৪ জনকে চার মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। খালাস পাওয়া জওয়ানরা হলেন, নায়েক আনিসুর রহমান, সিপাহি দেলোয়ার হোসেন, মোল্লা রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, ইমরান হোসেন ও মিজানুর রহমান।বিচার কার্যক্রম শুরুর আগে অভিযুক্ত ১০৫ জন বিডিআর জওয়ানকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে নিয়ে আসা হয়। আদালতের কার্যক্রম শুরু হয় সকাল ১০টায়। প্রথমে আদালতে মামলার ১০৫ জন আসামির উপস্থিতি নিশ্চিত করা হয়। সাড়ে ১১টার দিকে রায় ঘোষণা করা হয়।রায় শুনে ব্যাটালিয়ন সদর দপ্তরের ২ নম্বর গেটে জড়ো হওয়া সাজা পাওয়া জওয়ানদের স্বজনদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন।আদালতে বিচারক প্যানেলে সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার, বিজিবির খুলনা সেক্টরের উপ-অধিনায়ক লে. কর্নেল খালিদ হোসেন ও লে. কমান্ডার তৌহিদুল ইসলাম। কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করেন ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এনায়েত করিম।২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের সঙ্গে একাত্মতা জানিয়ে বিদ্রোহ করেন ৪১ রাইফেলস ব্যাটালিয়নের জওয়ানরা। এ ঘটনায় ব্যাটালিয়নের সুবেদার মেজর আবদুস সাত্তার ২০০৯ সালের ২৩ অক্টোবর মামলা করেন।খাগড়াছড়িতে রায় ২৪ মার্চ: খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়িতে রামগড় ১১ রাইফেল ব্যাটালিয়নের বিদ্রোহের মামলার রায় ঘোষণা করা হবে ২৪ মার্চ। বিজিবি সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৫-তে গতকাল আসামিদের যুক্তিতর্ক উপস্থাপন ও কৌঁসুলির বক্তব্য শোনার পর আদালত রায়ের তারিখ ধার্য করেন। সকাল ১০টায় আদালতের কার্যক্রম শুরু হয়ে বেলা আড়াইটায় শেষ হয়। আদালতে বিচারিক প্যানেলের সভাপতি ছিলেন খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল আবু ওহাব মো. হাফিজুল হক।রংপুরে সাক্ষ্য গ্রহণ: নিজস্ব প্রতিবেদক, রংপুর জানান, রংপুরে ৩৪ রাইফেল ব্যাটালিয়নের বিদ্রোহের মামলায় অভিযুক্ত ৪৩ জওয়ানের বিরুদ্ধে গতকাল সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বিজিবি রংপুর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত ১৩-তে গতকাল ১৫ জনের সাক্ষ্য নেওয়া হয়। এ নিয়ে এই মামলায় ২৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। পরে আদালতের সভাপতি বিজিবির দিনাজপুর সেক্টরের কমান্ডার সালেহ আহমদ আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করেন।