সাতক্ষীরায় 'নিখোঁজ' মোকলেছুরের বাড়িতে আসকের তদন্ত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় ছয় মাসের বেশি সময় ধরে নিখোঁজ মোকলেছুর রহমান নামের এক ব্যক্তির বিষয়ে তথ্য অনুসন্ধানে নেমেছে আইন ও সালিস কেন্দ্র (আসক)। সংগঠনটির একটি তদন্ত দল গতকাল রোববার সকালে শহরের কুকরালি এলাকায় মোকলেছুরের বাড়ি গিয়ে তাঁর স্ত্রী জেসমিন নাহারের সঙ্গে কথা বলেছে।

তদন্ত দলে ছিলেন আসকের জ্যেষ্ঠ তথ্য অনুসন্ধানকারী অনির্বাণ সাহা ও মো. মাহবুবুর আলম এবং হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের (এইচআরডিএফ) প্রতিনিধি মাধব দত্ত ও রঘুনাথ খাঁ।

অনির্বাণ সাহা বলেন, মোকলেছুরের নিখোঁজ নিয়ে ৩ জানুয়ারি সংবাদ সম্মেলন করেন তাঁর স্ত্রী জেসমিন নাহার। পরদিন ‘থানায় গিয়ে খাইয়ে এসেছিলেন স্বামীকে, এখন খোঁজ নেই’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। এর সূত্রে ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানবাধিকার কমিশনের কাছে ওই প্রতিবেদনে উল্লিখিত ঘটনার বাস্তব অবস্থা জানতে চেয়ে চিঠি দেওয়া হয়। পাশাপাশি নিজস্ব উদ্যোগে আসকের তদন্ত দলের পক্ষ থেকে প্রাথমিক তথ্য জানতে তাঁরা সাতক্ষীরা আসেন। তিনি বলেন, তাঁরা জেসমিনসহ তাঁর পরিবারের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত জেনেছেন। বিষয়টি নিয়ে তাঁরা সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন মোল্লার সঙ্গেও কথা বলেন।

মোকলেছুর রহমানের পরিবারের অভিযোগ, গত বছর ৫ আগস্ট রাতে সাতক্ষীরা শহরের নিউমার্কেটে গিয়েছিলেন হোমিও চিকিৎসক মোকলেছুর। এ সময় সদর থানার এক এসআই তাঁকে আটক করেন। তাঁকে থানায় তিন দিন রাখা হয়। সে সময় প্রতিদিন থানায় গিয়ে তাঁকে খাবার দিয়ে আসতেন তাঁর স্ত্রী জেসমিন নাহার। চতুর্থ দিন সকালে গিয়ে আর স্বামীর দেখা পাননি তিনি। ওই এসআই জানান, মোকলেছুর বিষয়ে তাঁরা কিছু জানেন না।