সাতক্ষীরায় 'বন্দুকযুদ্ধে' জামায়াত কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ আরও একজন নিহত হলেন। দেবহাটা উপজেলার জামায়াতের কর্মী সিরাজুল ইসলাম (৪৫) গতকাল মঙ্গলবার ভোরে কেওড়াতলা এলাকায় গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ নিয়ে গত ৫ জানুয়ারি সংসদ নির্বাচনের পর সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আটজন রাজনীতিক নেতা-কর্মী নিহত হলেন। এঁদের মধ্যে জামায়াত-শিবিরের ছয়জন এবং বিএনপি ও আওয়ামীলীগের দুজন।
এদিকে যশোরে পুলিশের সঙ্গে ‘সংঘর্ষে’ শিবিরের দুই নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
ঢাকার বাইরে আমাদের সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা: দেবহাটা থানার ওসি জালালউদ্দিনের ভাষ্য অনুযায়ী, সিরাজুলের নেতৃত্বে জামায়াতের নেতা-কর্মীরা দেবহাটার কেওড়া-তলায় নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক করছিল। এ খবর জানার পর পুলিশের একটি দল গতকাল ভোর চারটার দিকে সেখানে পৌঁছায়। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন এবং ককটেল ও বোমার বিস্ফোরণ ঘটান। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ১৫ মিনিট সংঘর্ষের পর জামায়াত-শিবিরের কর্মীরা পালিয়ে যান।
পরে ঘটনাস্থলে সিরাজুলকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁকে দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি শাটারগান ও তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
নিহত সিরাজুলের ছেলে মনিরুল ইসলাম জানান, তাঁর বাবা একজন সবজি ব্যবসায়ী। জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও কোনো ধরনের নাশকতার সঙ্গে জড়িত ছিলেন না। সোমবার সন্ধ্যায় পুলিশ তাঁর বাবাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়।
দেবহাটার ওসি জানান, এ ঘটনায় পুলিশের দুই কনস্টেবল আমিরুল ইসলাম ও সাইদুল ইসলাম আহত হন। থানায় মামলা হয়েছে। নিহত সিরাজুলের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা আবু রায়হান হত্যা মামলাসহ তিনটি মামলা রয়েছে।
হরতালে সাড়া মেলেনি: গতকাল সাতক্ষীরায় জামায়াতের ডাকা হরতালে সাড়া মেলেনি। জামায়াতের নেতা-কর্মীরাও মাঠে ছিলেন না। পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শিবির নেতা আমিনুর রহমান নিহত ও সাতজন গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে জামায়াত এ হরতালের ডাক দেয়।
যশোর: পুলিশের হাতে গুলিবিদ্ধ অবস্থায় আটক দুজন হলেন শিবিরের যশোর জেলার পশ্চিমাংশের সেক্রেটারি রুহুল আমিন (২৫) ও বেনাপোল পৌর কমিটির সভাপতি আবুল কাসেম (২১)। গুরুতর অবস্থায় তাঁদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের ডান পায়ে গুলি লেগেছে।
আহত রুহুল আমিন যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র, বাড়ি ঝিকরগাছার ফুলবাড়ী গ্রামে। আবুল কাসেম একই কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রথম বর্ষের ছাত্র, বাড়ি শার্শার অগ্রভুলট গ্রামে।
পুলিশের বর্ণনা অনুযায়ী, ১৮-২০ জনের শিবিরের একটি সশস্ত্র দল সোমবার গভীর রাতে শার্শার শিকড়ি গ্রামের ইটভাটার পাশে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশের টহল দল সেখানে গেলে পুলিশকে লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে রুহুল আমিন ও আবুল কাসেম গুলিবিদ্ধ হন। পরে তাঁদের আটক করা হয়। তাঁদের কাছ থেকে একটি পিস্তল, দুটি গুলি ও দুটি হাতবোমা উদ্ধার করা হয়।
তবে হাসপাতালে আবুল কাসেম ও রুহুল আমিন বলেন, সোমবার দুপুরে শার্শার বারোপোতা গ্রাম থেকে পুলিশ তাঁদের ধরে বেনাপোল থানায় নিয়ে যায়। সেখান থেকে বিকেলে নেওয়া হয় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে। সন্ধ্যায় নেওয়া হয় ডিবি কার্যালয়ে। রাতে তাঁদের চোখ বেঁধে গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে গুলি করা হয়।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশেরও এক সদস্য আহত হন।