সাতক্ষীরায় 'বন্দুকযুদ্ধে' জামায়াত নেতা গুলিবিদ্ধ
সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহেশ্বরকাটি এলাকায় গত বৃহস্পতিবার রাতে কথিত বন্দুকযুদ্ধে কবীর আহম্মেদ সরদার (৪৬) নামে এক জামায়াত নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তিনি জামায়াতের রুকন ও আশাশুনির শোভনালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ভাষ্য অনুযায়ী, কবীর আহম্মেদকে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদর থেকে গ্রেপ্তার করা হয়। রাতে তিনি জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য দেন। তাঁর দেওয়া তথ্যমতে, রাত দুইটার দিকে তাঁকে নিয়ে উপজেলার শ্বেতপুর গ্রামে অভিযানের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। পথে রাত আড়াইটার দিকে মহেশ্বরকাটি মাছ বাজার এলাকায় আগে থেকে ওত পেতে থাকা তাঁর সঙ্গীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে আট-দশটি গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীদের গুলিতে কবীর আহম্মেদ আহত হন। তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে হাসপাতালে চিকিৎসাধীন কবীর আহম্মেদ দাবি করেন, বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড় থেকে পুলিশ তাঁকে আটক করে আশাশুনি থানায় নিয়ে যায়। রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে তাঁকে থানা থেকে মহেশ্বরকাটি মাছ বাজারে নিয়ে তাঁর পায়ে গুলি করে পুলিশ।