সাতক্ষীরায় 'বন্দুকযুদ্ধে' তিন ডাকাত গুলিবিদ্ধ
সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ আন্তজেলা ডাকাত দলের তিন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ দাবি করেছে৷ গত রোববার দিবাগত রাত পৌনে তিনটার দিকে সদর উপজেলার ছয়ঘরিয়া মোড়ে এ ঘটনা ঘটে বলে সাতক্ষীরা সদর থানা সূত্র জানায়৷ কিন্তু গুলিবিদ্ধ এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানান, ‘বন্দুকযুদ্ধ’ নয়, তাঁদের আটক করে পরে ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়েছে পুলিশ।
গুলিবিদ্ধ তিন যুবক হলেন, সাতক্ষীরার তালা উপজেলার চৌগাছা গ্রামের শেখ পলাশ আহমেদ (৩৬), সদর উপজেলার বেড়াবাড়ি গ্রামের আলমগীর হোসেন (২৫) ও খুলনার ডুমুরিয়া উপজেলার মিকসিমি গ্রামের মতিয়ার রাহমান (২৮)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হকের ভাষ্যমতে, গোপন সূত্রে তাঁরা রাতে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় যানবাহনে ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানতে পারেন৷ এ তথ্যের ভিত্তিতে তাঁর নেতৃত্বে একদল পুলিশ গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকায় অবস্থান নেন৷ রাত পৌনে তিনটার দিকে একদল ডাকাত যাত্রীবাহী একটি বাসসহ কয়েকটি ট্রাক আটকে ডাকাতির চেষ্টা করে। এ সময় পুলিশ দলটিকে ঘেরাও করে ফেললে প্রথমে ডাকােতরা বোমা বিস্ফোরণ ঘটায়৷ পরে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা জবাব দেয়৷ এতে তিন ডাকাত গুলিবিদ্ধ হন৷ বািকরা পালিয়ে যান। পরে গুলিবিদ্ধদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আলমগীর বলেন, তাঁদের তিনজনকে বিভিন্ন স্থান থেকে ছয় দিন আগে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে গত রোববার রাতে ছয়ঘরিয়া এলাকায় তাঁদের নিয়ে গিয়ে ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে উরুতে গুলি করা হয়।
সাতক্ষীরা জরুির বিভাগের চিকিৎসক রবিউল ইসলাম বলেন, আহত তিনজনের প্রত্যেকের দুই পায়ের উরুতে গুলি লেগেছে। তবে তাঁরা আশঙ্কামুক্ত৷
ওসি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার হওয়া ডাকাতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় সদর থানার উপপরিদর্শক বিধান কুমার বিশ্বাস অস্ত্র আইন ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে দুটি পৃথক মামলা করেছেন। ওই তিনজনসহ আরও ১৫ থেকে ১৬ জনকে মামলায় আসামি করা হয়েছে।