সাতক্ষীরায় 'বন্দুকযুদ্ধে' নিহত ১
সাতক্ষীরা শহরের চালতেতলা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একরামুল্যাহ বাবু (৪০) নামের এক ব্যক্তি নিহত ও শহীদুল ইসলাম (৩০) নামের আরেকজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে এই ‘বন্দুকযুদ্ধ’ হয়। পুলিশের দাবি, হতাহত দুজনই গাড়ি ছিনতাইকারী।
নিহত একরামুল্যাহ সাতক্ষীরা শহরের সুলতালপুর এলাকার খায়বার সরদারের ছেলে। আহত শহীদুল সাতক্ষীরা শহরের মধুমল্লারডাঙ্গী এলাকার আবুল হোসেনের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হকের ভাষ্য, ঢাকার রজনীগন্ধা আবাসিক এলাকা থেকে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুকের স্ত্রী সানজানা জেরিনের কালো রঙের একটি প্রাইভেটকার ছিনতাই হয়। ছিনতাই হওয়া গাড়িটি সাতক্ষীরার দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে তাঁরা গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খবর পান। এই সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা পুলিশ শহরের কয়েকটি এলাকায় বিশেষ টহলের ব্যবস্থা করে। রাত দুইটার দিকে টহল উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল চালতেতলা এলাকা দিয়ে যাওয়ার সময় কালো রঙের একটি প্রাইভেটকারকে থামতে নির্দেশ দেয়। কিন্তু গাড়িটি না থেমে ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়া হয়। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ১৫ মিনিট ধরে উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে একরামুল্যাহ ও শহীদুল নামের দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। রাত তিনটার দিকে তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক পরিমল কুমার বিশ্বাস জানান, চিকিত্সাধীন অবস্থায় আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে একরামুল্যাহ মারা যান। তাঁর মাথার ডান পাশে, পিঠে ও হাতে গুলির চিহ্ন ছিল। আহত শহীদুল ইসলামের ডান পায়ে ও ঊরুতে গুলি লেগেছে।
আহত শহীদুল ইসলামের ভাষ্য, একরামুল্যাহর কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি। গতকাল রাত একটার দিকে একটি কালো রঙের প্রাইভেটকার নিয়ে একরামুল্যাহ তাঁর পূর্ব পরিচিত মাহবুবুর রহমানকে নিয়ে সাতক্ষীরা সদর উপজেলা শিমুলিয়া চিংড়ি ঘেরে আসেন। মাহবুবুরের বাড়ি গোপালগঞ্জ জেলা সদরের চন্দ্রদিঘুলিয়া এলাকায়। গাড়িটি ভারতে বেড়াতে যাওয়া এক আত্মীয়ের বলে জানান একরামুল্যাহ। পরে তাঁরা ওই গাড়িতে করে সাতক্ষীরা শহরের দিকে আসার সময় পুলিশ থামতে বলে। কিন্তু তাঁরা না থামলে পুলিশ গুলি ছোড়ে। এ সময় তাঁরা গুলিবিদ্ধ হন। মাহবুবুর পালিয়ে যান। পরে তাঁদের দুজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক আরও জানান, এ ঘটনায় সাতক্ষীরা থানায় সহকারী শহর এসআই আলমগীর হোসেন একরামুল্যাহ বাবু, শহীদুল ইসলাম ও মাহবুবুর রহমানের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দুজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। ছিনতাই হওয়া কালো রঙের প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। সংঘর্ষে পুলিশ কনস্টেবল মাহবুবুর রহমান সামান্য আহত হয়েছেন। তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে চিকিত্সা দেওয়া হয়েছে। সংঘর্ষের সময় ছিনতাইকারীরা তিনটি বোমা ও ৬-৭টি গুলি ছোড়ে। পুলিশ ১১টি গুলি ছোড়ে।