সাতক্ষীরায় 'বন্দুকযুদ্ধে' বনদস্যুপ্রধান নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার সুন্দরবন-সংলগ্ন শ্যামনগর উপজেলার পাখিমারা গ্রামে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু বাহিনীর প্রধান আশরাফ হোসেন ওরফে রাঙ্গা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আজ রোববার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে পুলিশ।
এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে।
নিহত আশরাফ সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়া গ্রামের ফজের আলীর ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগির মিঞার ভাষ্য, রাঙ্গাবাহিনীর প্রধান তাঁর দলের ১২-১৪ জন সদস্যসহ সুন্দরবন-সংলগ্ন পাখিমারা গ্রামে অবস্থান করছেন বলে খবর আসে। রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকায় রওনা হয় পুলিশ। রাত চারটার দিকে খোলপেটুয়া নদীর পাখিমারা এলাকায় পৌঁছালে বনদস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে ১৫ মিনিট ধরে গুলিবিনিময় হয়। এরপর বনদস্যুরা ইঞ্জিনচালিত একটি ট্রলারে করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বাহিনীপ্রধান রাঙ্গাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাঁকে সকাল সাতটার দিকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক নজরুল ইসলাম জানান, কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মারা যান রাঙ্গা।
ওসি সগির মিঞার দাবি, ‘বন্দুকযুদ্ধ’ চলাকালে বনদস্যুরা ২০-২৫টি গুলি ছুড়েছে। পুলিশ আটটি গুলি করে। ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। গুলিবিনিময়কালে থানার এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবল সামান্য আহত হয়েছেন।
থানা সূত্র জানায়, আশরাফের বিরুদ্ধে ব্যাংক ডাকাতি, অপহরণ, অস্ত্র আইনসহ মোট ২০টি মামলা আছে। এর মধ্যে একটি মামলায় তাঁর ১১ বছর কারাদণ্ড হয়েছে।