সাতক্ষীরায় 'বন্দুকযুদ্ধে' শিবিরের দুই নেতা নিহত
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় আজ রোববার ভোরে যৌথ বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শিবিরের দুই নেতা নিহত হয়েছেন। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাসের দাবি, ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার নারকেলি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শিবিরের উপজেলা সেক্রেটারি আবুল কালাম (২২) ও শিবিরের সদস্য মারুফ হোসেন ওরফে ছোট (২৫)।
পরিবারের পক্ষ থেকে কালামের রাজনৈতিক পরিচয় ও পদের সত্যতা নিশ্চিত করা হয়েছে। মারুফের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তিনি জামায়াতের কর্মী। তবে পুলিশ দাবি করেছে, তিনি শিবিরের আত্মঘাতী দলের একজন সদস্য।
ওসি তারক বিশ্বাসের ভাষ্য, গতকাল শনিবার ভোরে কালাম ও মারুফকে দেবহাটার কুলিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের নিয়ে গতকাল দিবাগত রাতে যৌথ বাহিনী অভিযানে নামে। বিভিন্ন এলাকায় অভিযান শেষে আজ ভোরে নারকেলি গ্রামের আফগানিস্তান ফেরত যোদ্ধা জিয়াউর রহমান ওরফে জিয়ার বাড়ির দক্ষিণ পাশে পৌঁছে যৌথ বাহিনী। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা যৌথ বাহিনীর ওপর হামলা চালিয়ে ওই দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে ৫০টি গুলি ও ১৫টি বোমার বিস্ফোরণ ঘটান। যৌথ বাহিনীও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের সময় কালাম ও মারুফ গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তৌহিদুজ্জামান তাঁদের মৃত ঘোষণা করেন।
ওসি তারক বিশ্বাস জানান, হত্যাসহ কালামের বিরুদ্ধে ১০টি এবং মারুফের বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে। মারুফ শিবিরের আত্মঘাতী দলের একজন সদস্য।