সাতক্ষীরায়ও অ্যানথ্রাক্স রোগী শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরায় গতকাল সোমবার অ্যানথ্রাক্সে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আটটি জেলায় অ্যানথ্রাক্সের বিস্তার ঘটল। এর আগে সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, জামালপুর, টাঙ্গাইল, পঞ্চগড় ও চুয়াডাঙ্গায় অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়।এদিকে গতকাল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় আরও দুজন অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।সাতক্ষীরায়ও অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগী শনাক্ত: সদর হাসপাতালে গতকাল চিকিৎসা নিতে আসা রাশিদা খাতুনকে (৩৭) অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত করেন চিকিৎসক মনোয়ার হোসেন ও কাজী আরিফ আহমেদ। রাশিদার বাড়ি সাতক্ষীরা শহরের মধুমল্যারডাঙ্গী এলাকায়। রাশিদা জানান, কয়েক দিন আগে তাঁর শরীরে ফোসকা পড়ে। পরে সেগুলোতে ঘায়ের সৃষ্টি হয়। ব্যথার সঙ্গে শরীরে জ্বর অনুভব হয়।সাতক্ষীরার সিভিল সার্জন এস জাহাঙ্গীর আতিক বলেন, তিনি রাশিদা খাতুনের ক্ষতস্থানের ছবি তুলে ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে পাঠিয়েছেন। প্রতিষ্ঠানের কর্মকর্তারা ছবি দেখে ও রোগের বিবরণ শুনে রাশিদা অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেন।এদিকে সাতক্ষীরার ভারতীয় সীমান্তবর্তী এলাকায় গবাদিপশুকে অ্যানথ্রাক্সের প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেবনারায়ণ রায় জানান, জেলার কলারোয়ার সোনাবাড়িয়া, সাতক্ষীরার সাতানি করিডর, দেবহাটা করিডর ও কালীগঞ্জের বসন্তপুর করিডর দিয়ে যাতে পরীক্ষা ছাড়া কোনো গবাদিপশু দেশে ঢুকতে না পারে, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।উল্লাপাড়ায় আরও দুজন শনাক্ত: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সাতবিলা গ্রামের মৌসুমি খাতুন (৩০) ও সাতবাড়িয়া গ্রামের আবদুল জব্বার (৩২) অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। তাঁদের গতকাল সকালে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আক্রান্ত দুজন এক সপ্তাহ আগে পাশের গ্রামে জবাই করা একটি গরুর মাংস কম দামে কিনে ভাগাভাগি করে নেন বলে জানা গেছে। জেলা সিভিল সার্জন জানান, গতকাল পর্যন্ত জেলায় ২০২ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে।এদিকে গতকাল সকালে উপজেলার পশ্চিমপাড়া এলাকার রওশন আলীর একটি গরু মারা গেছে। মৃত গরুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিরাজগঞ্জ আঞ্চলিক পশু গবেষণাগারে পাঠানো হয়েছে। মৃত গরুটিকে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।স্বাস্থ্য পরীক্ষার পর গরু জবাই: অ্যানথাক্স রোগের সংক্রমণ রোধে রাজশাহী সিটি করপোরেশন বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। আজ মঙ্গলবার থেকে সিটি করপোরেশনের বাজারগুলোতে ভেটেরিনারি সার্জন দিয়ে গরুর স্বাস্থ্য পরীক্ষার পর জবাইয়ের অনুমতি দেওয়া হবে। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরের হড়গ্রাম বাজার, লক্ষ্মীপুর বাজার, উপশহর, নিউমার্কেট, নওদাপাড়া বাজার, সাহেব বাজার ও বিনোদপুর বাজারে প্রতিদিন ভেটেরিনারি সার্জনের নেতৃত্বে একটি করে দল থাকবে। গতকাল দুপুরে নগর ভবনে প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দপ্তরে অ্যানথ্রাক্স প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।প্রতিষেধক বিতরণ: অ্যানথ্রাক্স প্রতিরোধে বরগুনার আমতলী উপজেলা সদরে গতকাল উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তর থেকে বিনা মূল্যে প্রতিষেধক বিতরণ করা হয়েছে। পাশাপাশি আমতলী পৌর এলাকার ৩০০ গরু ও ৫৫টি ছাগলকে প্রতিষেধক দেওয়া হয়। উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ২৫টি স্থানে অ্যানথ্রাক্স প্রতিরোধে সচেতনতামূলক পথসভা করা হয়েছে।[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা রাজশাহী ও সিরাজগঞ্জ এবং উল্লাপাড়া ও আমতলী (বরগুনা) প্রতিনিধি]