সাতছড়িতে অস্ত্র উদ্ধার, র্যাবের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাতছড়ি থেকে আবার অস্ত্র উদ্ধার, নানা প্রশ্ন’ শিরোনামে ৩ সেপ্টেম্বর প্রথম আলোতে প্রকাশিত সংবাদের বিষয়ে একটি বক্তব্য দিয়েছে র্যাব। 
গতকাল সন্ধ্যায় ই-মেইল ও ফ্যাক্স মাধ্যমে পাঠানো এ বক্তব্যে বলা হয়, প্রতিবেদনে সংস্থা ও কর্মকর্তার নাম উল্লেখ না করে একটি গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ‘অস্ত্র উদ্ধারের খবর পেয়ে তিনি উদ্যান এলাকায় এসেছেন। উদ্যানের ভেতরে ঘুরে তিনি অস্ত্র উদ্ধারের কোনো আলামত দেখেননি।’ র্যাবের বক্তব্য হচ্ছে র্যাবের অভিযানের সংবাদ ২৯ আগস্ট থেকেই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছিল, ফলে ওই কর্মকর্তার বক্তব্য অগ্রহণযোগ্য, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর।
প্রতিবেদনে চুনারুঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশহুদ কবীরের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, টেলিভিশনে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। তিনিও কোনো আলামত পাননি। তিনি প্রশ্ন করেন, র্যাব ঘটনাস্থলে সংবাদ সম্মেলন না করে শ্রীমঙ্গল ক্যাম্পে কেন করছে?
এ ব্যাপারে ইউএনওর সঙ্গে র্যাবের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটি তাঁর বক্তব্য নয়। প্রেস ব্রিফিংয়ের স্থানের বিষয়েও তিনি কোনো মত দেননি। তিনি যেহেতু সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে প্রবেশ করেননি, তাই আলামত দেখার প্রশ্ন নেই। আর এসব বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা তাঁর হয়নি। হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক এবং চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার চৌধুরীর বরাত দিয়ে প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, ‘পুলিশের লোকজন সকাল থেকে বনের ভেতরে তন্নতন্ন করে ঘুরেও কোথাও অস্ত্র উদ্ধারের আলামত পায়নি।’ র্যাবের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার এবং ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বলেছেন, সাতছড়ি উদ্যানের অস্ত্র উদ্ধার নিয়ে কোনো সাংবাদিকের সঙ্গে তাঁদের কথা হয়নি। সুতরাং এ ধরনের বক্তব্যের প্রশ্নই ওঠে না।
প্রথম আলোর বক্তব্য: সরেজমিন ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে যাঁদের বক্তব্য ছাপা হয়েছে, প্রতিবেদন প্রকাশের দুই দিন পরও তাঁরা কেউ তা গণমাধ্যমের কাছে অস্বীকার করেননি।
ইউএনও, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও ওসি যখন কথাগুলো বলছিলেন, তখন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।