
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ভারত সীমান্তবর্তী সাতছড়ি জাতীয় উদ্যানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অভিযানের দ্বিতীয় দিনে গতকাল বুধবার নতুন একটি পরিখা (বাংকার), একটি সুড়ঙ্গপথ ও ভূগর্ভস্থ একটি ঘরের সন্ধান মিলেছে৷ পাওয়া গেছে কিছু কাগজপত্রসহ একটি ইউনিফর্ম৷
র্যাব সূত্র জানায়, গতকাল উদ্যানের ত্রিপুরাপল্লিতে পরিখা ও সুড়ঙ্গপথ পাওয়া গেলেও কোনো অস্ত্রশস্ত্র মেলেনি৷ এ ছাড়া একটি ঘরের নিচে যে আরেকটি ঘরের সন্ধান পাওয়া গেছে, সেটি চিকিৎসাকেন্দ্র বলে তাদের ধারণা৷ এসব জায়গা থেকে ‘ত্রিপুরা পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’ (টিপিডিএফ)-এর পরিচয়ে কিছু প্রচারপত্র, চিঠি ও কয়েকজন ভারতীয় পুলিশ সদস্যের নামের তালিকাসংবলিত কাগজপত্র উদ্ধার করা হয়েছে৷
এর আগের দিন মঙ্গলবার সাতটি পরিখার সন্ধান পাওয়া যায়৷ সেখান থেকে উদ্ধার করা হয় দুই শতাধিক রকেট লঞ্চার, ১৮০টি মর্টার শেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ৷ প্রশিক্ষিত কুকুরের সহায়তায় গতকাল র্যাবের দুই শতাধিক সদস্য দ্বিতীয় দিনের মতো অভিযান চালান৷
গতকাল সকালে র্যাব উদ্ধার করা অস্ত্রশস্ত্রের একটা পরিসংখ্যান দেয়৷ এ পিরসংখ্যান অনুযায়ী, সাতটি পরিখায় পাওয়া গেছে ৭ দশমিক ৬২ মিলিমিটারের চারটি মেশিনগান, মেশিনগানের পাঁচটি অতিরিক্ত ব্যারেল, ৪০ এমএম-এর ২২২টি কামানবিধ্বংসী রকেট লঞ্চার, রকেট লঞ্চারের ২৪৮টি চার্জার, একটি রকেট লঞ্চার, ১২ দশমিক ৭ এমএম-এর সাব-মেশিনগানের এক হাজার ২২২টি গুলি, ৭ দশমিক ৬ এমএম মেশিনগানের ১১ হাজার ৫৮০টি গুলি, ১৯টি ম্যাগাজিন, সমরাস্ত্র পরিষ্কারে ব্যবহৃত তেল, ১৬টি টিনের ও ৪০০টি প্লাস্টিকের ক্যান এবং সমরাস্ত্র পরিষ্কারে ব্যবহৃত ১৮টি যন্ত্রপাতি৷
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল ত্রিপুরাপল্লির প্রবেশপথের প্রথম দুটি ঘর পেরিয়ে একটি টিনের ঘরের নিচে পাকা একটি ঘর পাওয়া গেছে৷ সেটিতে প্রবেশে ঘরের বাইরে সুড়ঙ্গপথ রয়েছে৷ ভূগর্ভস্থ ওই ঘরে পাওয়া গেছে একটি ইউনিফর্ম, কয়েকটি চিঠি, ‘অ্যাডমিশন’ নেওয়ার পত্র, ভারতীয় পুলিশের নামের তালিকাসংবলিত দুই শর বেশি কাগজপত্র৷
সরেজমিনে দেখা গেছে, ত্রিপুরাপল্লির দক্ষিণে তিনটি টিলা ও ঘন বন এলাকার পরিখাগুলো থেকে পাওয়া অস্ত্র-গোলাবারুদ মজুত করা হচ্ছে উদ্যানের প্রবেশমুখের বাংলোর সামনে৷ সেখানে মোতায়েন রয়েছেন বিপুলসংখ্যক র্যাব সদস্য৷ মজুত অস্ত্রের সবগুলোই মরচে ধরা৷
র্যাবের ব্রিফিং: গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করে র্যাব৷ এতে র্যাবের মহাপরিচালক (ডিজি) মোখলেছুর রহমান, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হাবিবুর রহমান, র্যাব-৯-এর অধিনায়ক কমান্ডার মুফতি মাহমুদ, জেলা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷
র্যাবের মুখপাত্র হাবিবুর রহমান ব্রিফিংয়ে গত দুই দিনে উদ্ধার করা অস্ত্র দেখিয়ে বলেন, ‘র্যাব একটি এলিট ফোর্স৷ র্যাবের সফলতার আরও একটি বড় অংশ এই অভিযান৷ র্যাবের গোয়েন্দা সূত্রের ভিত্তিতে তিন-চার দিন ধরে সাতছড়ি এলাকায় অবস্থান নিয়ে মঙ্গলবার ভোররাত থেকে পাহাড়-টিলার ওপর সাতটি পরিখা থেকে পর্যায়ক্রমে মেশিনগান, রকেট লঞ্চার, কামানবিধ্বংসী সরঞ্জাম ও প্রচুর গুলি উদ্ধার করা হয়েছে৷ যত দিন অস্ত্র পাওয়া যাবে, তত দিন অভিযান চলবে৷’
কাউকে আটক করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে র্যাব কর্মকর্তারা জানান, এ পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি৷ আর অস্ত্র উদ্ধারের সঙ্গে যেসব ঘরবাড়ি সম্পর্কিত সেসব পরিত্যক্ত৷ বিভিন্ন প্রচারপত্র পাওয়া এবং ত্রিপুরার একটি স্বাধীনতাকামী সংগঠনের নাম পাওয়ার ব্যাপারে জানতে চাইলে তাঁরা জানান, এসব তদন্তের পর বলা হবে৷
ভারতীয় সরকারের চাপে হঠাৎ করেই এই অভিযান কি না—এ ব্যাপারে সাংবাদিকেরা জানতে চাইলে ব্রিফিংয়ে বলা হয়, র্যাব তার নিয়মিত কাজের অংশ হিসেবে নিজস্ব গোয়েন্দা সূত্রের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করছে৷ উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র কোন দেশের তৈরি, সেগুলো তাজা কি না—এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা এখনো করা হয়নি৷ অভিযান শেষ হলে করা হবে৷
সাংবাদিকদের উপর্যুপরি প্রশ্নের একপর্যায়ে মোখলেছুর রহমান বলেন, ‘সব প্রশ্নের জবাব মিলবে তদন্তের পর৷’ অভিযান শেষ হলে অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটো মামলা হবে এবং সেই মামলার তদন্তে সবকিছু বেরিয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি৷
এদিকে অভিযান শুরুর দিন সাতছড়ি এলাকায় হবিগঞ্জ পুলিশ কিংবা বিজিবির কোনো প্রতিনিধি দেখা যায়নি৷ তবে গতকাল ব্রিফিং চলাকালে হবিগঞ্জ পুলিশ সুপারের দুজন প্রতিনিধি ও বিজিবির শ্রীমঙ্গল সেক্টরের দুজন প্রতিনিধিকে দেখা গেছে৷ তবে তাঁরা সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি৷