সাতজন আটক, ৫৬ লাখ টাকা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক ব্যাংকের জয়পুরহাট শাখা থেকে এক কোটি ৯৫ লাখ টাকা চুরির ঘটনায় সাতজনকে আটক করেছে র্যা ব। তাঁদের কাছ থেকে ৫৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর জয়পুরহাট শহরের কেন্দ্রে শাহজাহান ম্যানশনের দ্বিতীয় তলায় ব্র্যাক ব্যাংকের দেয়াল কেটে এক কোটি ৯৫ লাখ টাকা চুরি হয়। র্যা ব জানিয়েছে, ওই চুরির অভিযোগে গত বুধবার রাতে র্যা ব রাজা মিয়া, স্বপন দেবনাথসহ সাতজনকে আটক করে। রাজাকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া থেকে আটক করা হয়। তিনি ২০০৮ সালের ৫ জানুয়ারি রাজধানীর ধানমন্ডিতে ব্র্যাক ব্যাংকের লকারে গ্রাহকদের রক্ষিত স্বর্ণালংকার চুরির ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন। ময়মনসিংহের স্বপন গ্রেপ্তার হয়েছিলেন ২০১২ সালে চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারের গোল্ডেন প্লাজার ইউনিভার্সেল জুয়েলারি থেকে সাড়ে পাঁচ কেজি সোনা চুরির অভিযোগে। আটক বাকি পাঁচজন হলেন বাদল মল্লিক, মঞ্জুরুল হাছান, অনুপ চন্দ্র পণ্ডিত ও তাঁর ভাই প্লাবন চন্দ্র পণ্ডিত এবং এম কে কুদ্দুসুর রহমান। আটক সাতজনকে নিয়ে গতকাল বৃহস্পতিবার রাজধানীতে র্যা বের সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
র্যা ব জানিয়েছে, বাদল, অনুপ ও প্লাবন সরাসরি চুরির ঘটনায় জড়িত নন। রাজার কাছে টাকার ভাগ চেয়েছিলেন বাদল। স্বপনের টাকা অনুপ ও প্লাবন অন্যত্র সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। মোট নয়জন ওই চুরির ঘটনায় অংশ নেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজা, মঞ্জুরুল, নওশের, ইসলাম, তাজ মাহমুদ—এই চক্র মূলত স্বর্ণালংকারের দোকান-ব্যাংকে চুরি করে। এর আগে চক্রটি একই ধরনের কয়েকটি ঘটনা ঘটিয়ে ধরা পড়েছে। পরে জামিনে বেরিয়ে এসে একই কাজ শুরু করেছে। চক্রটি গত ১২ সেপ্টেম্বর জয়পুরহাটে ব্র্যাক ব্যাংকের পাশে বাংলাদেশ পুওর ডেভেলপমেন্ট নামে একটি এনজিওর জন্য ঘর ভাড়া করে। ঘর ভাড়ার ব্যাপারে মঞ্জুরুল ভবন মালিকের সঙ্গে চুক্তি করেন। চুরির ১০-১৫ দিন আগে রাজা পূর্বপরিচিত স্বপনকে দেয়াল কাটার লোক আনতে বলেন। স্বপন তাঁর পূর্বপরিচিত তাজ ও নওশেরকে জয়পুরহাটে নিয়ে আসেন। চুরির এক সপ্তাহ আগে থেকে ইসলাম, তাজ স্ক্রু ড্রাইভার ও শাবল দিয়ে দেয়াল কাটা শুরু করেন। ছয় দিন পর দেয়াল কাটা শেষ হয়। ২৬ সেপ্টেম্বর রাতে তাজ ও নওশের ব্যাংকে ঢুকে সিসি ক্যামেরা অকার্যকর করে দেন। কিছুক্ষণ পর রাজা ও ইসলাম আনুষঙ্গিক যন্ত্রপাতি নিয়ে ঢুকে ভল্টের তালা ভেঙে ভল্টে রাখা টাকা কয়েকটি ব্যাগে ভরে পাশের ভাড়া করা ঘরে নিয়ে যান। ওই ঘরেই টাকা ভাগাভাগি হয়। রাজা ৩১ লাখ, মঞ্জুরুল ৩৩ লাখ, ইসলাম সাড়ে ১২ লাখ, তাজ আট লাখ, কুদ্দুসুর ও ইকবাল ৩৩ লাখ, স্বপন ১৮ লাখ, নওশের ১৪ লাখ ও বাদল নয় লাখ টাকা ভাগে পান। টাকা নিয়ে তাঁরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন।
র্যা বের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান প্রথম আলোকে জানান, গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, ভল্টসহ বিভিন্ন ধরনের তালা ভাঙতে ওস্তাদ রাজা মিয়া। তাই এ ধরনের চুরিতে তাঁকে খুঁজে নিয়ে আসে চক্রগুলো।
র্যা ব জানিয়েছে, শ্রীনগরের হাঁসাড়া বাজারে রাজার নিজের বাড়ি। আট কাঠা জমির ওপর একটি টিনশেড বাড়ি, আরেকটি দালান করেছেন তিনি।
এই সাতজন ছাড়া আরও দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ। এর মধ্যে কুষ্টিয়া থেকে নয় লাখ টাকাসহ একজন গ্রেপ্তার হয়েছেন।