সাতজন গ্রেপ্তার, ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সদর উপজেলায় ভারতীয় গারাতি ছিটমহলে অগ্নিসংযোগ, হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত রোববার রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা ব্যক্তিদের গতকাল সোমবার পঞ্চগড়ের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।এদিকে ছিটমহলের ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তার জন্য একটি তহবিল গঠন করা হয়েছে। ছিটমহলসংলগ্ন বাংলাদেশি এলাকায় স্থাপন করা হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প। পুলিশ ও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিডিআর) সদস্যরা টহল অব্যাহত রেখেছেন। ছিটমহলের বাসিন্দারা ফিরতে শুরু করেছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ইয়াছিন আলী, মোস্তাফিজুর রহমান, সারোয়ার জাহান, সাইদুল ইসলাম, হামিনুর রহমান, আবদুল মতিন ও সাইফুল ইসলাম। তাঁদের বাড়ি সদর উপজেলার টোকাপাড়া, সোনারবান ও ডাবভাঙ্গা গ্রামে। পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে এক জরুরি সভা হয়। জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে সভায় একটি তহবিল গঠন করা হয়। এই তহবিলে অর্থ-সহায়তা দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। এ ছাড়া ছিটমহল ও এর পার্শ্ববর্তী এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার সাদাতকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়।