সাতজন গ্রেপ্তার, সাড়ে ছয় লাখ টাকা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার কয়রা উপজেলার মাছ ব্যবসায়ীদের ট্রাক আটকে টাকা ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাদের কাছ থেকে প্রায় সাড়ে ছয় লাখ টাকা উদ্ধার করা হয়েছে৷
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ট্রাকচালক সিরাজুল ইসলাম এবং নগরের রেলিগেট এলাকার মো. হাবিবুর রহমান (২৮), দৌলতপুর এলাকার কাজী ইব্রাহিম ওরফে মার্শাল (৩৪), দেয়ানা এলাকার ইবাদ আলী মোড়ল (২৮), দৌলতপুরের মিন্টু মুন্সী (৩৬), সাজেদুর রহমান বাপ্পী (৩০) ও কয়রা এলাকার আছাদুল হক (৩০)।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান জানান, গত মঙ্গলবার সকালে খুলনা-সাতক্ষীরা সড়কের ডুমুরিয়া থানার জিলেরডাঙ্গা নামক স্থান থেকে মাছবোঝাই ট্রাক আটকে ব্যবসায়ীদের কাছ থেকে ১৭ লাখ ৪১ হাজার ৫০০ টাকা ছিনতাই করা হয়। এ ঘটনায় কয়রার মাছ ব্যবসায়ী নাসির উদ্দিন ট্রাকচালক সিরাজুল ইসলামসহ ছয়-সাতজনকে আসামি করে মামলা করেন। ওই দিনই সিরাজুলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সিরাজুল ছিনতাইকারীদের নাম বলে দেন। পরে নগরের বিভিন্ন স্থানে রাত থেকে পরদিন বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ছয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পৃথকভাবে ছয় লাখ ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকারী পুলিশের উপপরিদর্শক আজারুল ইসলাম বলেন, হাবিবুর রহমান নিজেকে বিএল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কাজী ইব্রাহিম ওরফে মার্শাল (৩৪) নিজেকে সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের ফুফাতো ভাই বলে পরিচয় দিয়েছেন। ইবাদ আলী মোড়ল (২৮) যুবলীগের দৌলতপুর থানা শাখার সদস্য বলে পরিচয় দিয়েছেন।
নগর ছাত্রলীগের সভাপতি দেবদুলাল বাড়ৈ বলেন, ‘কলেজের স্যারদের সঙ্গে খারাপ আচরণ করায় সিটি করপোরেশন নির্বাচনের (১৫ জুন) আগে তাঁকে বহিষ্কার করা হয়েছে। আর মার্শাল মন্নুজানের আত্মীয় বলে জানি। তবে ইবাদ আলী সম্পর্কে আমার জানা নেই।’