সাতজনকে অজ্ঞান করে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের লালানগর গ্রামে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে একই পরিবারের নারী, শিশুসহ সাতজনকে অজ্ঞান করে সর্বস্ব চুরি করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ওই গ্রামের আবদুল মন্নাছ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
অজ্ঞান ব্যক্তিরা হলেন সাহেরা খাতুন (২৯), সীমা আক্তার (৯), নুরুন নাহার (১৩), দেলোয়ার হোসেন (৯), মো. মাসুম (১৭), তানিভর হোসেন (২০) ও মনু মিয়া (৮০)। এঁদের গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে আবদুল মন্নাছের ছেলে আবুল হাসেম জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ তাঁর মা সাহেরা খাতুন অসুস্থ হলে স্থানীয় দিনমনির বাজার থেকে তিনি চিকিৎসক আনেন এবং চিকিৎসকের সঙ্গে বাজারে গিয়ে ওষুধ নিয়ে বাড়ি ফেরেন। এরপর রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন।
সকালে তিনি ঘুম থেকে উঠলেও অন্যরা ঘুমিয়ে থাকেন। অনেক ডাকাডাকি করেও কাউকে ঘুম থেকে জাগাতে পারেননি। একপর্যায়ে গিয়ে দেখেন তাঁরা সবাই অজ্ঞান হয়ে বিছানায় পড়ে রয়েছেন। এ সময় তাঁর চিৎকারে প্রতিবেশীরা এসে সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
হাসেম আরও বলেন, পরিবারের সদস্যদের হাসপাতালে ভর্তির পর দুপুরে বাড়িতে গিয়ে দেখেন ঘরে রাখা ব্যবসার এক লাখ ৩০ হাজার টাকা, একটি মোটরসাইকেল, স্বর্ণালংকার ও দুটি মুঠোফোন নেই। তিনি বলেন, রাতের খাবারের সঙ্গে কে বা কারা নেশাজাতীয় কোনো দ্রব্য মিশিয়ে দিয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী বলেন, ‘অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনা রোগীদের অবস্থা দেখে মনে হয়েছে, খাবারের সঙ্গে কেউ ঘুমের ওষুধ কিংবা নেশাজাতীয় কিছু মিশিয়ে দেওয়ায় ওই খাবার খেয়ে তাঁরা সবাই অসুস্থ হয়ে পড়েছেন। তবে সবাই আশঙ্কামুক্ত।’