প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি ও জামায়াতের ২০১৪ ও ২০১৫ সালের হরতাল ও অবরোধে পেট্রলবোমা ও বোমা হামলার শিকার সাতজনকে আর্থিক সহায়তা দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে ওই ভুক্তভোগী ব্যক্তিদের মধ্যে চেক বিতরণ করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, হরতালের সময় হামলায় গুরুতর আহত হয়েছিল ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম ও শাহরিয়ার হৃদয়। মিনহাজুলের মা আমেনা আকতার ও শাহরিয়ারের বাবা আবুল খায়ের—এ দুজনের হাতে ১০ লাখ টাকা করে চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া তিনি ঢাকার তেজগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আবদুল কাদের মিয়া, গাজীপুরের গিয়াস উদ্দিন আহমেদ ও ঝিনাইদহের শৈলকুপার মো. লিটন মিয়া—প্রত্যেককে ১০ লাখ টাকার চেক দেন। ঢাকার মিরপুরের সৈয়দ মো. আবদুল মতিন ও বংশালের মো. সেলিম হোসেন সেলিম পান পাঁচ লাখ টাকা করে চেক। চেক দেওয়ার সময় শেখ হাসিনা বোমা হামলায় আক্রান্ত ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজ নেন ও তাঁদের সান্ত্বনা দেন।
ফেনীর মিনহাজুল ও শাহরিয়ার দুজনেই ২০১৫ সালের ৫ জানুয়ারি বোমা হামলায় গুরুতর আহত হয়। অপরদিকে ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কাদের মিয়া সে বছরেরই ৯ জানুয়ারি জেলা শহরে দুষ্কৃতকারীদের বোমা হামলায় গুরুতর আহত হন।
নভোথিয়েটারের নকশা অনুমোদন
রাজশাহীতে নির্মিতব্য বঙ্গবন্ধু নভোথিয়েটারের নকশা অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, গতকাল বুধবার প্রধানমন্ত্রী নির্মিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের স্থাপত্য নকশা ও মডেলের অনুমোদন দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়।