শরীয়তপুরের জাজিরা উপজেলার কুণ্ডেরচর ইউনিয়নের একটি গ্রামে দুই কিশোর-কিশোরীকে অমানুষিক নির্যাতনের ঘটনায় জাজিরা থানায় মামলা করা হয়েছে। কিশোরের বাবা গত সোমবার রাতে ওই মামলা করেন। মামলায় সাতজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় আটক লিয়াকত মল্লিক ও বাদল ভূঁইয়াকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলায় কুণ্ডেরচর ইউপির সাবেক চেয়ারম্যান লিয়াকত মল্লিক, ৩ নম্বর ওয়ার্ড সদস্য কামাল মল্লিক, ইকবাল মল্লিক, আমির হোসেন মল্লিক, সুলতান মল্লিক, মনির মল্লিক ও বাদল ভূঁইয়াকে আসামি করা হয়েছে।
জাজিরা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ইউনিয়নের একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীর সঙ্গে প্রতিবেশী এক কিশোরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৬ ফেব্রুয়ারি তারা দুজন বাড়ি থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় গ্রামের শেষ প্রান্তে নদীর ঘাট থেকে তাদের আটক করে কয়েকজন যুবক। এরপর তাদের নেওয়া হয় কুণ্ডেরচর ইউপির সাবেক চেয়ারম্যান লিয়াকত মল্লিকের বাড়িতে। লিয়াকত মল্লিকের নির্দেশে বাড়ির উঠানে তাদের শিকল দিয়ে বেঁধে রেখে নির্যাতন চালানো হয়। পরদিন তাদের ওই বিদ্যালয়ের মাঠে নেওয়া হয়। সেখানে তাদের দড়ি দিয়ে বাঁধা হয় এবং গলায় জুতার মালা পরানো হয়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করেন। এ ঘটনা কাউকে না জানানোর জন্য তাদের পরিবারকে হুমকি, এমনকি তাদের চিকিৎসার জন্য গ্রামের বাইরে না নেওয়ার নির্দেশও দেওয়া হয়। তাদের নির্যাতনের একটি ভিডিও ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া হয়।
জাজিরা থানা-পুলিশ সোমবার সন্ধ্যায় এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লিয়াকত মল্লিক ও ওই বিদ্যালয়ের দপ্তরি বাদল ভূঁইয়াকে আটক করে। গতকাল দুপুরে পুলিশ তাঁদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায়। জাজিরা থানার ওসি নজরুল ইসলাম বলেন, সাত আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে তাঁদের পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।