সাতজনকে আসামি করে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে জালালাবাদ গ্যাসের সহকারী প্রকৌশলী অহিদুর রেজা চৌধুরীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় কোতোয়ালি থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। গত বুধবার রাতে অহিদুরের মামাতো ভাই মজুমদারপাড়ার বাসিন্দা আশরাফুল হক চৌধুরী বাদী হয়ে মামলা করেন।পুলিশ জানায়, মৃত্যুর ঘটনাটি রহস্যজনক হলেও কারণ হিসেবে দুই পক্ষের ঝগড়ার জন্যই অহিদুর মারা গেছেন বলে মামলার এজাহারে বলা হয়। দুই পক্ষের ঝগড়ার মধ্যে আঘাতজনিত কারণেও তাঁর মৃত্যু হতে পারে এবং এ জন্য ওই এলাকার বাসিন্দা আবদুল খালিক, তাঁর ভাই মিজানুর রহমান ও ফেরদৌস আহমদসহ আরও চারজনকে আসামি করা হয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ প্রথম আলোকে বলেন, গতকাল বৃহস্পতিবার থেকে মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। এরই মধ্যে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।জালালাবাদ গ্যাস (ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লি.) ভবনে সিলেট জেলা ব্যবস্থাপক দপ্তরের সহকারী প্রকৌশলী পদে কর্মরত ছিলেন অহিদুর। মজুমদারপাড়ার বাসিন্দা আবদুল আহাদ নামের এক আত্মীয়ের বাসা তাঁর তদারকিতে নির্মিত হচ্ছিল। গত মঙ্গলবার রাতে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে তাঁর আকস্মিক মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আজ শুক্রবার লাশ দাফন করা হবে বলে তাঁর পারিবারিক সূত্র জানায়।