সাতজনকে একুশে পদক দেবে চট্টগ্রাম সিটি করপোরেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন l ছবি: প্রথম আলো

মুক্তিযুদ্ধ, শিক্ষা, ক্রীড়াসহ সাতটি ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সাতজনকে একুশে পদক দেবে চট্টগ্রাম সিটি করপোরেশন। ২১ ফেব্রুয়ারি চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট চত্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তাঁদের হাতে এই পদক তুলে দেওয়া হবে।
গতকাল সোমবার সকালে নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান একুশে উদ্যাপন ও বইমেলা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
চলতি বছর সিটি করপোরেশনের একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন শিক্ষাক্ষেত্রে সিটি করপোরেশনের সাবেক প্রধান শিক্ষা কর্মকর্তা ও চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ রওশন আক্তার হানিফ (মরণোত্তর), ক্রীড়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মাহমুদুল ইসলাম (মরণোত্তর), সাংবাদিকতায় আ জ ম ওমর (মরণোত্তর), সমাজসেবায় চট্টগ্রাম পৌরসভার সাবেক চেয়ারম্যান ফজল করিম (মরণোত্তর), বিদ্যাক্ষেত্রে অবদানে সাবেক কমিশনার মোহাম্মদ জাকারিয়া, মুক্তিযুদ্ধে সিরু বাঙালি ও সাংস্কৃতিক ক্ষেত্রে অরুণ চন্দ্র বণিক।
সংবাদ সম্মেলনে মেয়র জানান, সিটি করপোরেশনের উদ্যোগে ১৩ দিনব্যাপী একুশে বইমেলা কাল বুধবার শুরু হচ্ছে। এবার মেলার স্থান নগরের মুসলিম ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে বর্ধিত করে শহীদ মিনার চত্বর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে মেলা। এই সময়ে শহীদ মিনারের সামনের সড়কে যান চলাচল বন্ধ থাকবে।
মেয়র জানান, এবার মেলায় ৭০টি স্টল থাকবে। চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের পাশাপাশি প্রথমবারের মতো ঢাকার ২০টি প্রকাশনা সংস্থা অংশ নেবে। আগামী বছর থেকে ঢাকার মতো চট্টগ্রামেও সিটি করপোরেশনের তত্ত্বাবধানে মাসব্যাপী একুশে বইমেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘ঢাকার একুশে বইমেলার একটি আবেদন আছে, প্রাণবন্ততা আছে। সে তুলনায় আমাদের এখানে বইমেলা প্রাণহীন। এই দশা আমরা কাটাতে চাই।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সিটি করপোরেশনের শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক, কাউন্সিলর হাসান মুরাদ, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন ও মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এবার বইমেলায় প্রতিদিন বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বিশিষ্ট ব্যক্তিরা ইতিহাস, মুক্তিযুদ্ধ, ঐতিহ্য, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।