যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে কিশোরদের থাকার ২৪টি কক্ষে গতকাল সোমবার তল্লাশি চালিয়ে টিনের ছুরি, কাঁচি, লোহার ছোট রড, অ্যাঙ্গেলসহ প্রভৃতি জিনিস উদ্ধার করেছে পুলিশ।
এদিকে রোববার সন্ধ্যায় কেন্দ্রের পরিচালনা কমিটির জরুরি বৈঠক হয়েছে। বৈঠকে ১৮ বছরের বেশি বয়সী সাতজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো, খাবারের মান বৃদ্ধি ও প্রশিক্ষণ উপকরণ বাড়ানোর সিদ্ধান্ত হয়। কেন্দ্র সূত্র জানায়, গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কিশোরদের থাকার কক্ষে তল্লাশি চালায় পুলিশ। এতে নেতৃত্ব দেন যশোর কালেক্টরেটের নির্বাহী হাকিম সাইফুল ইসলাম। তিনি জানান, মারামারি ও শরীর কাটাকুটি করা যায়, এ ধরনের ১৮ প্রকার জিনিস জব্দ করা হয়েছে। জব্দ তালিকায় টিনের ছুরি, কাঁচি, লোহার ছোট রড, মুঠোফোনের চার্জার, কাটা টিনের পাত, লোহার অ্যাঙ্গেল, টেস্টারের ভাঙা অংশ, কাটা চামচ প্রভৃতি উদ্ধারের কথা উল্লেখ রয়েছে।
পরিচালনা কমিটির বৈঠক সম্পর্কে কেন্দ্রের সহকারী পরিচালক মো. সাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, নিয়ম অনুযায়ী কেন্দ্রে থাকা ১৮ বছরের বেশি বয়সী সাতজনকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট আদালতে চিঠি পাঠানো হয়েছে। তিনি অভিযোগ করেন, মূলত এ সাতজনই রোববারের ভাঙচুরের ঘটনায় জড়িত। সাহাবুদ্দিন আরও জানান, আগামী জুলাই থেকে কিশোরদের খাবার বাবদ মাথাপিছু দৈনিক বরাদ্দ বৃদ্ধি করা হবে বলে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) তাঁকে জানিয়েছেন।
এদিকে রোববারের ঘটনার পর কেন্দ্রে দায়িত্বপালনকারী পুলিশের আট সদস্যকে পুলিশলাইনে প্রত্যাহার করে নতুন আটজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া নাশকতা এড়াতে কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ওই ঘটনার সময় দেয়াল টপকে পালানো দুই কিশোরের বিষয়ে সহকারী পরিচালক সাহাবুদ্দিন বলেন, তাদের খোঁজ না পাওয়ায় থানায় জিডি করা হয়েছে।