‘আঁর মাতায় আচুক্কা আই এট্টা কোপ দিচ্ছে, পিডে বাড়ি মাইচ্ছে। আঁর হারা শইল রক্তে বাসি গেছে। হ্যার পরেও আঁর বুকের দনরে (সিফাত, বয়স সাত মাস) আঁই ছাড়িনো। হ্যারা আঁরে লাতি মারি আঁর বুকের পুতরে কারিলই ফিক্কা মারছে খ্যাতের মাইদ্যে। পুতে আঁর ব্যক করি উইটছে। সারা রাইত এট্টুও গুমায় নয়।’ কাঁদতে কাঁদতে মুঠোফোনে কথাগুলো বলেন নিলুফা বিবি (২৫)। একই কথা বলেন নিলুফার বোন রোকসানা বিবি (২৮)। তাঁরা মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।মনপুরা উপজেলার কলাতলীর চরে বন বিভাগের জমির দখল নেওয়ার জন্য আবদুর রব গং গত বুধবার সন্ধ্যায় হামলা চালিয়ে জহুর আহমেদের পরিবারের সাতজনকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় হামলাকারীরা সাত ও ১১ মাসের দুটি শিশুকে ছুড়ে ফেললে তাদের কোমর ও হাত ভেঙে যায়।মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, ‘আমাদের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন। কিন্তু কেউ আমাদের লিখিত অভিযোগ না দেওয়ায় মামলা নিতে করতে পারছি না।’পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবদুর রবের নেতৃত্বে আজাদ, ফয়েজ উল্যাহ, ছানাউল্যাহ, কবির, রিপন, জমিলা খাতুন ও শেপু বেগম গত বুধবার সন্ধ্যায় জহুর আহমদের বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা প্রথমে বাড়ির সবাইকে বের হয়ে আসতে বলে। ভয়ে কেউ বের না হলে তারা ঘরের বেড়া কুপিয়ে ঘরে ঢুকে সবাইকে এলোপাতাড়ি কোপাতে থাকে।তবে হামলাকারীদের পক্ষে আবদুর রবের ছেলে আবদুল মতিন জানান, ‘আমাদের জমির ওপর জোর করে বসবাস করছে জহুরের পরিবার। গত বুধবার তাদের জমি থেকে সরে যেতে বললে জহুরের পরিবার আমার বাবা আবদুর রব ও মা জমিলার ওপর আক্রমণ চালায়।’উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবু সাঈদ বলেন, কলাতলী চরের সব জমি বন বিভাগের। ওই জমি কেউ বন্দোবস্ত দিতে পারে না।