চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সাত নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। একই ঘটনায় দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গত ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি মামুনুল হক ও সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপুর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয় এবং ছয় ছাত্রলীগ নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে বিশ্ববিদ্যালয় কমিটি ১০ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করে।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল বিশ্ববিদ্যালয় শাখার নয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সংগঠন সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটি ওই দিনের সংঘর্ষে জড়িত থাকায় চার নেতা-কর্মীকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে। তাঁরা হলেন সহসম্পাদক কামরুল হাসান রায়হান, সদস্য আরাফাত হোসেন, অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাইফুল হক ও রাকিব। একই ঘটনায় তিনজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। তাঁরা হলেন সাংস্কৃতিক সম্পাদক জমির উদ্দিন, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মনছুরুল আলম এবং অর্থসম্পাদক আবু কায়সার। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ নাজমুল এবং উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবু হাসানকে সংগঠন থেকে কেন বহিষ্কার করা হবে না তার কারণ দর্শাতে নোটিশ দেওয়া হয়েছে।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মহিউদ্দিন মাহী প্রথম আলোকে বলেন, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।