সাতজনকে শোকজের নির্দেশ দুদক চেয়ারম্যানের
দায়িত্বে অবহেলার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাতজন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিতে সচিবকে নির্দেশ দিয়েছেন সংস্থার নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আজ মঙ্গলবার সংস্থার সচিব আবু মো. মোস্তফা কামালকে এ নির্দেশ দেন তিনি।
দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনে আজ আকস্মিকভাবে সংস্থার প্রধান কার্যালয়ের বিভিন্ন কক্ষ পরিদর্শনে যান ইকবাল মাহমুদ। এ সময় তাঁর সঙ্গে দুদকের নতুন কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম ও সচিব আবু মো. মোস্তফা কামালকে দেখা গেছে।
পরিদর্শনে গিয়ে দুদকের কর্মকর্তাদের কার কাছে কী কাজ আছে জানতে চান চেয়ারম্যান। কয়েকজনের কাজের মন্থরগতিতে অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরিদর্শনকালে কাজে অনুপস্থিত থাকা ও সঠিকভাবে দায়িত্ব পালন না করার অভিযোগে একজন সহকারী পরিচালক, দুজন উপসহকারী পরিচালকসহ সাতজন কর্মকর্তা-কর্মচারীকে শোকজ নোটিশ পাঠানোর নির্দেশ দেন চেয়ারম্যান।
পরিদর্শনের সময় একজন নারী কর্মকর্তার দপ্তরে তাঁর সন্তানকে দেখে বিস্মিত হয়ে সচিবের কাছে ডে-কেয়ার সেন্টার আছে কি না, জানতে চান দুদক চেয়ারম্যান। সচিবের কাছ থেকে নেতিবাচক উত্তর পেয়ে দুদকে দ্রুত ডে-কেয়ার সেন্টার চালুর ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি।