স্বাধীনতার পর যেকোনো সময়ের তুলনায় ২০১১ সালে আদিবাসী নারীদের ওপর নির্যাতন বেড়েছে। এ সময় সাতজন আদিবাসীকে হত্যা ও ১১টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলা হলেও তা পূরণ করা হয়নি। ‘বাংলাদেশের আদিবাসীদের মানবাধিকার পরিস্থিতি-২০১১’ শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য উপস্থাপন করা হয়েছে। গতকাল সোমবার আদিবাসীদের অধিকারবিষয়ক বেসরকারি সংস্থা কাপেং ফাউন্ডেশন রাজধানীর জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি মিলনায়তনে প্রতিবেদনের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে। মূল প্রতিবেদন উপস্থাপনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ বলেন, ২০১১ সালে ১১ জন আদিবাসী নারী ধর্ষণ ও পাঁচজন আদিবাসী নারী ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন। একজন আদিবাসী নারীকে নিরাপত্তা বাহিনীর সদস্য ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২০১১ সালে সাতজন আদিবাসী ব্যক্তিকে হত্যা ও ১৩ জনকে গ্রেপ্তার ও অন্তরীণ এবং ৩০ জনকে নির্যাতন, হয়রানি ও হুমকি দেওয়া হয়েছে। ১৩৭টি আদিবাসীর ঘরবাড়ি সম্পূর্ণভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে ও ৪৭টি ঘর লুঠপাট বা ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনায় নিরাপত্তা বাহিনী হয় নীরব বা সহযোগী ভূমিকা নিয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, আদিবাসীদের ওপর নিপীড়নের যে চিত্র প্রতিবেদনে উঠে এসেছে, তা আমাদের স্বস্তি দেয় না। জাতীয় সংসদের আদিবাসীবিষয়ক ককাসের সদস্য নওয়াব আলী আব্বাস চা-শ্রমিকদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দিয়ে তাঁদের ওপর নর্যাতনের ঘটনাগুলো প্রতিবেদনে আনা উচিত বলে মত দেন। বেসরকারি সংস্থা ব্লাস্টের পরিচালক ও মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারাহ হোসেন, কাপেং ফাউন্ডেশনের চেয়ারপারসন রবীন্দ্রনাথ সরেন ও উপদেষ্টা মঙ্গল কুমার চাকমা, অক্সফামের (জিবি) বি এম আখতার অনুষ্ঠানে বক্তব্য দেন।