সাতজনের কারাদণ্ড ও ৫৪টি যানবাহনের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে সাতজনকে কারাদণ্ড ও ৫৪টি যানবাহনকে জরিমানা করেছেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আরিফ খান (৩৫), কামরুল ইসলাম (৩৫), মো. শিপন (২০), রেজাউল করিম (৩৫), রিমন বিশ্বাস (২০), কাইয়ুম খান (২৮) ও আলমগীর হোসেন।
বিআরটিএর সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিবুর রহমানের নেতৃত্বে (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) ভ্রাম্যমাণ আদালত বিআরটিএর মিরপুর ১০ নম্বর কার্যালয়ে অভিযান চালান। এ সময় ভ্রাম্যমাণ আদালত দালালির দায়ে সাতজনকে ১৫ থেকে ২০ দিন করে কারাদণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ জোহরা খাতুন ও সুজিত হাওলাদারের নেতৃত্বে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত আগারগাঁও ও খিলক্ষেতে অভিযান চালান। বৈধ কাগজপত্র না থাকায় ১০টি যানবাহনকে ডাম্পিংয়ে পাঠান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফিটনেস ও ট্যাক্স-টোকেনের মেয়াদ উত্তীর্ণ ৫৪টি যানবাহনকে ৪১ হাজার টাকা জরিমানা করেন।
বিআরটিএ প্রধান কার্যালয়ের পরিচালক (এনফোর্সমেন্ট) নাজমুল আহসান মজুমদার গতকাল প্রথম আলোকে বলেন, দণ্ডপ্রাপ্ত সাতজনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।