ময়মনসিংহের নান্দাইল উপজেলার দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শনিবার হঠাৎ পরিদর্শনে যান স্থানীয় সাংসদ। তখন ঘড়ির কাঁটায় সকাল সাড়ে ১০টা। তখন বিদ্যালয়ে মাত্র দুজন শিক্ষিকা উপস্থিত। এ দৃশ্য দেখে তিনি ক্ষুব্ধ হন। তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অনুপস্থিত শিক্ষিকাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, পাঠদান শুরুর সময় হওয়ার পরও দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকারা হাজির হন না। এর ফলে খুদে শিক্ষার্থীরা বিদ্যালয় আঙিনায় খেলাধুলা করে সময় কাটিয়ে দেয়।
বিদ্যালয়ে সূত্রে জানা গেছে, এখানে ৩৯৭ জন শিক্ষার্থী ও ৭ জন শিক্ষিকা আছেন। গতকাল প্রধান শিক্ষিকা সাবিহা সুলতানা এবং সহকারী শিক্ষিকা সাদিয়া আফরোজ, রীনা জাহান, লুৎফুন্নাহার ও নাসরীন সুলতানা অনুপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে রীনা জাহান ও লুৎফুন্নাহার গতকাল থেকে ছুটিতে আছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের সামনের সড়ক দিয়ে যাচ্ছিলেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ আনোয়ারুল আবেদিন খান। তিনি বিদ্যালয় আঙিনায় শিক্ষার্থীদের দৌড়াদৌড়ির দৃশ্য দেখে বিদ্যালয়ে ঢোকেন। এ সময় সহকারী শিক্ষিকা আফরোজা বেগম ও মাসুমা আক্তার উপস্থিত ছিলেন। এতে সাংসদ ক্ষুব্ধ হয়ে ঘটনাটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনারকলী নাজনীনকে জানান এবং অনুপস্থিত শিক্ষিকাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ বিষয়ে সাংসদ বলেন, ‘বেতন ও পদমর্যাদা বাড়ানোর পরও কর্মক্ষেত্রে এ ধরনের অবহেলা প্রদর্শন অগ্রহণযোগ্য। যদি তাঁরা চাকরি না করেন তাহলে চলে যেতে পারেন।’
বিদ্যালয়ে উপস্থিত দুই শিক্ষিকার একজন আফরোজা বেগম বলেন, দুজন শিক্ষিকা ছুটিতে রয়েছেন। প্রধান শিক্ষিকার অনুপস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি কিছু বলতে পারেননি।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনারকলী নাজনীন মুঠোফোনে বলেন, অনুপস্থিত শিক্ষিকাদের বিষয়ে পদক্ষেপ নেওয়ার এখতিয়ার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। তিনি এ ঘটনার একটি প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পাঠাবেন।