সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার প্রক্রিয়ায় জালিয়াতির মাধ্যমে প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল রোববার কমিশনের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। অভিযোগপত্রে যাঁরা আসামি হচ্ছেন তাঁরা হলেন অর্থ মন্ত্রণালয়ের সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, তাঁর আত্মীয় সাদিকুল ইসলাম, তানভীর সরকার, ফিরোজ কবির, মুরাদ মোর্শেদ, সুফিয়া সরকার ও শরিফুলের স্ত্রী খাদিজা খাতুন ।
দুদক সূত্র জানায়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ইলেকট্রনিক প্রক্রিয়ায় বেতন-ভাতা হস্তান্তর বিষয়ে শরিফুল ইসলাম প্রশিক্ষণপ্রাপ্ত। তিনি তাঁর ভাই, বোন, ভাগনে ও স্ত্রীকে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে তাঁদের নামে একটি ব্যাংকে ভুয়া হিসাব খোলেন। ওই সব হিসাবের সঙ্গে মন্ত্রণালয়ের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার হিসাবটি যুক্ত করে এক কোটি ৩৩ লাখ হস্তান্তর করেন। ২০১২ সালের ১৭ জুলাই এ ঘটনায় মামলা করে দুদক। মামলাটি তদন্ত করছেন উপপরিচালক এস এম সাহিদুর রহমান।