সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে এ-লেভেলের ছাত্র বখতিয়ার মোহাম্মদ লতিফ হত্যা মামলায় সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
গতকাল বুধবার বিকেলে ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে অভিযোগপত্র দাখিল করেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ইউনুস আলী।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন: মো. খলিল, আকতার ওরফে আদেল, রুস্তম আলী হাওলাদার, জালাল উদ্দিন, হাবিবুর রহমান ওরফে ডাকাত হাবিব, সবুজ ওরফে স্বপন ও মতি ওরফে জিতু। আলমগীর ওরফে চাচার নাম-ঠিকানা না পাওয়ায় তাঁকে মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়েছে। মামলায় ৪২ জনকে সাক্ষী করা হয়েছে। আকতার, জালাল, হাবিবুর ও মতি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
অভিযোগপত্রে বলা হয়, ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর রাত তিনটার দিকে ডাকাতেরা জাহিদ আল লতিফের বাড়ির দেয়াল টপকে ভেতরে ঢোকে। এরপর জানালার গ্রিল কেটে তারা ঘরে প্রবেশ করে। বখতিয়ার মো. লতিফ বাবা-মায়ের কক্ষে টিভি দেখছিলেন। এ সময় বখতিয়ার চিৎকার করলে এক ডাকাত তাঁর বুকে গুলি করে। ঘটনাস্থলেই মারা যান বখতিয়ার। এরপর ডাকাতেরা ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা নিয়ে পালিয়ে যায়। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি আইনের ৪৯৬ ও ৪১২ ধারায় এই অভিযোগপত্র দেওয়া হয়। এ ঘটনায় বখতিয়ারের বাবা জাহিদ আল লতিফ যাত্রাবাড়ী থানায় মামলা করেন।