প্রথম আলোর সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা প্রতিনিধি সালেহ আহমদের ওপর হামলার ঘটনায় গতকাল সোমবার ধরমপাশা উপজেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা হয়েছে। মামলায় স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীসহ সাতজনকে আসামি করা হয়েছে। আদালতের বিচারক মোহাম্মদ শহিদুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন। ধরমপাশা থানায় অভিযোগ দেওয়ার পাঁচ দিন পরও পুলিশ সেটি মামলা হিসেবে না নেওয়ায় গতকাল আদালতে মামলা করেন সালেহ আহমদ। মামলায় ধরমপাশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর, তাঁর দুই ভাই উপজেলা যুবলীগের আহ্বায়ক জুবায়ের পাশা ও মুরাদ মিয়া, খালাতো ভাই সাইফুল ইসলাম, যুবলীগের কর্মী তৈমুর ও পলাশকে আসামি করা হয়েছে। গত ২৬ মার্চ রাতে উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ইউএনও এবং থানার ওসির সামনেই আওয়ামী লীগের নেতা আলমগীর কবীরের নেতৃত্বে হামলার শিকার হন সালেহ আহমদ। ওই রাতেই তাঁকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। সালেহ আহমদের পক্ষে আইনজীবী ছিলেন হারিছ উদ্দিন।