নাটোরের লালপুরে অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিলের চার কর্মকর্তাসহ সাতজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। নিয়মবহির্ভূতভাবে চিটাগুড় বিক্রি করে সরকারের ২০ লাখ টাকা ক্ষতি করার অভিযোগে গত বৃহস্পতিবার দুদকের রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক সমর কুমার ঝাঁ বাদী হয়ে লালপুর থানায় মামলাটি করেন।মামলার আসামিরা হলেন—২০০৯ সালে মিলের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী গোলাম মর্তুজা, মহাব্যবস্থাপক (অর্থ) মো. জাকির হোসেন, মহাব্যবস্থাপক (প্রশাসন) এস এম সুদর্শন, উপব্যবস্থাপক (বাণিজ্যিক) দিলীপ কুমার পাইন, আইন উপদেষ্টা কোরবান আলী ও আমজাদ হোসেন এবং ঠিকাদার নাটোরের মেসার্স কাজল অ্যান্ড সন্সের মালিক জামিলুর রহমান খান।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবুর রহমান বলেন, ‘আমি সবেমাত্র এ মিলে যোগদান করেছি। মামলার বিষয়ে আমি কিছুই জানি না।’