গাজীপুরের কালিয়াকৈরে স্কুলছাত্রী ধর্ষণ এবং ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ও ছয় মাতবরের নামে মামলাটি করা হয়। পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের ভান্নারা এলাকার ড্যাফোডিল আইডিয়াল হাইস্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সুজন মাহমুদ কয়েক দিন আগে ওই স্কুলেরই নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন। ঘটনাটি ধামাচাপা দিতে গত রোববার রাতে স্থানীয় মাতবরেরা গ্রাম্য সালিস বসিয়ে ধর্ষক সুজন মাহমুদকে জুতাপেটা ও দেড় লাখ টাকা জরিমানা করেন।
এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘জুতাপেটা করে ধর্ষণের ঘটনা মীমাংসা’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। ওই খবরের পর পুলিশ ও জেলা প্রশাসনের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। পুলিশ গতকাল সকালে ওই এলাকায় গিয়ে ধর্ষণের শিকার ওই ছাত্রী বা তার মা-বাবা কাউকে পায়নি, তবে তার চাচিকে পায়। পরে তাঁকে দিয়ে মামলা করানো হয়।
মামলায় সুজন মাহমুদ (৩০) ছাড়াও স্থানীয় মাতবর আনার উদ্দিন, আবুল হাশেম, আমির হোসেন, আবুল মিয়া, মো. হামিদ ও মোশারফ হোসেনকে আসামি করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে আনার উদ্দিন ও আমির হোসেনকে গ্রেপ্তার করেছে। তাঁদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অভিযোগ পাওয়া গেছে, সোমবার ভোররাতে ওই শিক্ষক তাঁর লোকজন নিয়ে ছাত্রীর বাবাকে মারধর করে ভয়ভীতি দেখিয়ে তাঁদের গ্রামের বাড়ি বরিশালে পাঠিয়ে দেন।
ধর্ষককে গ্রেপ্তারে হাইকোর্টের নির্দেশ: হাইকোর্টের এক আইনজীবী বিষয়টি গতকাল আদালতের নজরে আনলে আদালত ধর্ষককে গ্রেপ্তারে কালিয়াকৈর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। বিচারপতি কাজী রেজাউল হক ও আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে সালিসকারীদের বেঞ্চে হাজির হতেও নির্দেশ দেওয়া হয়েছে।