কক্সবাজারের মহেশখালীতে গৃহবধূকে হত্যার ঘটনায় গতকাল বুধবার থানায় মামলা হয়েছে। নিহত গৃহবধূর বড় ভাই সিরাজুল মোস্তফা বাদী হয়ে স্বামী আলী হোসেনসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গতকাল দুপুরে গৃহবধূর শাশুড়ি আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ। তিনি প্রথম আলোকে বলেন, এর আগে মঙ্গলবার রাতে আব্দুল কবির নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কবির সাবেক ইউপি সদস্য ও আলী হোসেনের (গৃহবধূর স্বামী) প্রতিবেশী। অন্য আসামিদের ধরার চেষ্টা চলছে।
গত মঙ্গলবার উপজেলার হোয়ানক ইউনিয়নের জামালপাড়া এলাকা থেকে গৃহবধূ তসলিমা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তাঁর স্বামী আলী হোসেন। স্বজনদের দাবি, যৌতুকের জন্য তসলিমার ওপর নির্যাতন চালাত তাঁর শ্বশুরবাড়ির লোকজন। তাঁকে মারধর করে হত্যা করা হয়েছে।