সাতজনের বিরুদ্ধে ৪০ মামলা করছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিক মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকের কাছ থেকে এক কোটি ৩২ লাখ টাকা সংগ্রহ করে আত্মসাতের অভিযোগে দ্য ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লুৎফুর রহমানসহ সাতজনের বিরুদ্ধে ৪০টি মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার কমিশন এসব মামলার অনুমোদন দিয়েছে বলে দুদকের দায়িত্বশীল একটি সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে। শিগগিরই দুদকের টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন জামালপুর সদর থানায় এসব মামলা করবেন।

যাঁদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাঁরা হলেন, দ্য ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ম্যানেজিং ডাইরেক্টর (এমডি) মো. লুৎফুর রহমান, প্রতিষ্ঠানটির জামালপুর শাখার ব্যবস্থাপক মো. ওবায়দুল্লাহ ইবনে হক ও খন্দকার নুরুল আমিন, কর্মকর্তা লিপি আরা পারভীন ও আসমা খাতুন এবং ইউনিট অফিসার শারমিন সুলতানা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এমডিকে আসামি করা হবে প্রতিটি মামলাতেই। বাকি ৫ জন আসামি হবেন বিভিন্ন মামলায়।

দুদক সূত্র জানায়, দ্য ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মিরপুরে। দেশের বিভিন্ন জেলায় এর শাখা অফিস রয়েছে। অধিক মুনাফার লোভ দেখিয়ে প্রতিষ্ঠানটির জামালপুর শাখা ওই জেলার ৪০ জনের কাছ থেকে মোট ১ কোটি ৩২ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা দিয়ে পালিয়ে যায়। প্রতারিতদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ পেয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।

এ ছাড়াও দেশের বিভিন্ন জেলায় প্রায় শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এ সব অভিযোগেরও অনুসন্ধান চলছে। প্রথম ধাপে জামালপুরের ঘটনায় আমানতকারীদের অভিযোগ প্রমাণ হওয়ায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এমডিসহ সাতজনের বিরুদ্ধে ৪০টি মামলার অনুমোদন দিয়েছে কমিশন।