অধিক মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে ১ কোটি ৩২ লাখ টাকা আমানত সংগ্রহ করে আত্মসাতের অভিযোগে দ্য ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লুৎফুর রহমানসহ সাতজনের বিরুদ্ধে ৪০টি মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল মঙ্গলবার কমিশন এসব মামলার অনুমোদন দিয়েছে বলে দুদকের একটি সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে। সূত্রটি বলেছে, শিগগিরই দুদকের টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন জামালপুর সদর থানায় এসব মামলা করবেন। দ্য ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ও এমডি ছাড়া আর যাঁদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাঁরা হলেন প্রতিষ্ঠানটির জামালপুর শাখার ব্যবস্থাপক মো. ওবায়দুল্লাহ ইবনে হক, খন্দকার নুরুল আমিন, কর্মকর্তা লিপি আরা পারভীন, আসমা খাতুন ও ইউনিট অফিসার শারমিন সুলতানা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এমডিকে আসামি করা হচ্ছে ৪০টি মামলাতেই। বাকি পাঁচজনকে বিভিন্ন মামলায় আসামি করা হচ্ছে। দ্য ঢাকা আরবান কো-অপারেটিভ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মিরপুরে।