সাতজনের বিষয়ে ইসির কাছে তথ্য চেয়েছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সাত মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সাংসদের হলফনামার বিষয়ে নির্বাচন কমিশনের কাছে তথ্য চেয়েছেন এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিয়োগ করা অনুসন্ধান কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার তাঁরা নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়ে চাহিদাপত্র জমা দেন।
দুদকের অনুসন্ধান কর্মকর্তারা জানান, ওই সাতজনের হলফনামা নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে পাওয়া গেলেও অনুসন্ধানের সুবিধার্থে তাঁরা কমিশন থেকে তথ্য পেতে চান। সে জন্যই তথ্য চাওয়া হয়েছে।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বর্তমান সাংসদ আ ফ ম রুহুল হক, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বর্তমান সাংসদ মাহবুবুর রহমান, সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, কক্সবাজারের সাংসদ আবদুর রহমান বদি, ঢাকার সাংসদ আসলামুল হক, রাজশাহীর সাংসদ এনামুল হক ও সাতক্ষীরার জাতীয় পার্টির সাবেক সাংসদ এম এ জাব্বারের হলফনামার বিষয়ে এই অনুসন্ধান শুরু হয়েছে। তাঁদের বিষয়ে অনুসন্ধান কর্মকর্তারা হলেন যথাক্রমে দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম, খায়রুল হুদা, নাসির উদ্দিন, আহসান আলী, শেখ ফায়েজ আলম, সৈয়দ তাহসিনুল হক ও সহকারী পরিচালক মাসুদুর রহমান। গতকাল তাহসিনুল হক ছাড়া বাকি ছয়জন নির্বাচন কমিশনে যান। গত বুধবার তাঁদের অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়।
এম এ জব্বার ছাড়া বাকি ছয়জন আওয়ামী লীগের।