সাতজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দাকোপ, চুয়াডাঙ্গার জীবননগর ও বগুড়ার আদমদীঘি উপজেলায় গত তিন দিনে ঠান্ডাজনিত রোগে সাতজন মারা গেছেন।মৃত ব্যক্তিরা হলেন, দাকোপ উপজেলার চুনকুড়ি ডাঙ্গাপাড়া গ্রামের মনোরঞ্জন গোলদার (৭৩) ও কালাবগি গ্রামের আবদুল গনি গাজী (৭০), আদমদীঘির কুসম্বি গ্রামের জরিনা বেগম (৮০) ও সান্তাহার পৌরসভার হাটখোলার আমিনুল (৪০)। জীবননগর উপজেলায় গত রোববার রাতে তিনজন মারা গেছেন। তাঁরা হলেন গয়েশপুর গ্রামের নুরু দফাদার (৫৭), লক্ষ্মীপুর গ্রামের সোবহান মণ্ডল (৫৫) ও গোয়ালপাড়া গ্রামের বিশারত আলী (৬০)। দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেব প্রসাদ গাইন ও সুতারখালি ইউপির চেয়ারম্যান বিধু নারায়ণ সরদার জানান, ঠান্ডাজনিত রোগে গতকাল মঙ্গলবার মনোরঞ্জন গোলদার ও আবদুল গনি গাজী মারা গেছেন। এ ছাড়া আরও দুজন বৃদ্ধ ও তিনটি শিশু ঠান্ডার কারণে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, আদমদীঘির জরিনা বেগম গত সোমবার এবং আমিনুল গতকাল সকালে মারা যান।আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নওগাঁ সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, ঠান্ডার কারণে শিশু ও বয়স্ক রোগীদের মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়াসহ শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এই রোগীদের চিকিৎসা দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।