সাতজনের মৃত্যু আক্রান্ত শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের পাঠকশিকড় গ্রামে আর্সেনিকোসিস রোগে আক্রান্ত হয়ে গত ১৫ বছরে সাতজন মারা গেছে। এ ছাড়া শতাধিক লোক এ রোগে আক্রান্ত হয়ে দুর্বিষহ জীবন যাপন করছে।
পাঠকশিকড় গ্রামের আর্সেনিকোসিসে আক্রান্ত আসাদুল ইসলাম (৩০) জানান, তাঁর বাড়িতে আর্সেনিকমুক্ত নলকূপ নেই। ফলে আর্সেনিকযুক্ত পানি পান করে তাঁর বাবা মেনাজ উদ্দিন আর্সেনিকোসিস রোগে পঙ্গু হয়ে দেড় বছর আগে মারা গেছেন। বর্তমানে তিনিও আর্সেনিকোসিসে আক্রান্ত। ঠিকমতো চলাফেরা করতে পারছেন না।
আর্সেনিকোসিসে আক্রান্ত তছলিম উদ্দিন বকসি বলেন, ‘প্রথম দিকে স্বাস্থ্য বিভাগের লোক এসে ওষুধ দিয়ে যেতেন। কিন্তু এখন আর কেউ খোঁজ নেয় না। এভাবে চলতে থাকলে আমাদের মরণ ছাড়া কোনো উপায় নেই।’
কান্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুল কাদের মণ্ডল বলেন, পাঠকশিকড় গ্রামে আর্সেনিকমুক্ত পানীয় জলের কোনো স্থায়ী ব্যবস্থা নেই। সেখানে সরকারিভাবে পাঁচটি নলকূপ বিতরণ ছাড়া অন্য কোনো সহায়তা দেওয়া হয়নি। বর্তমানে এ গ্রাম ছাড়াও দাদন, কাবিলাপাড়া, দোয়ানী মনিরাম ও মনিরামপুর গ্রামে আর্সেনিকের ব্যাপকতা ছড়িয়ে পড়েছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সহকারী প্রকৌশলী আতোয়ার হোসেন বলেন, পাঠকশিকড় গ্রামে আর্সেনিকমুক্ত পানি সরবরাহে স্থায়ী ব্যবস্থা গ্রহণে কোনো বরাদ্দ নেই।
সরেজমিনে দেখা গেছে, পাঠকশিকড় গ্রামের নারীরা জগ, কলসি ও বালতিতে করে দূর থেকে আর্সেনিকমুক্ত পানি আনছেন। গৃহবধূ আনোয়ারা বেগম, হাসিনা বেগম ও মরিয়ম বেগম জানান, প্রতিদিন দূর থেকে পানি আনতে তাঁদের বেশ কষ্ট হয়। টাকার অভাবে তাঁরা বাড়িতে আর্সেনিকমুক্ত নলকূপ বসাতে পারছেন না।
গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে ওই গ্রামের বাবলু মিয়া, তছলিম উদ্দিন বকসি, আবদুল হামিদ, আসাদুল ইসলাম, আবদুল করিম, মফিজ উদ্দিন, আবদুর রহমান, হামিদ আলী, আবদুর রহিম ও আনোয়ারা বেগমসহ শতাধিক ব্যক্তি আর্সেনিকোসিস রোগে আক্রান্ত। তাঁদের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কার্যালয় ও এলাকাবাসী সূত্র জানায়, ১৯৯৮ সালের এপ্রিলে পাঠকশিকড় গ্রামের আবদুর রহমান ও হামিদ আলীর বাড়ির নলকূপের পানিতে প্রথম সহনীয় মাত্রার অধিক আর্সেনিক ধরা পড়ে। ওই দুটি পরিবারের ১১ ব্যক্তি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে পরীক্ষা করে তাদের শরীরে আর্সেনিকোসিস রোগের সংক্রমণ ধরা পড়ে। এ ঘটনার পর স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ওই গ্রামের ২৯৮টি পরিবারের ১৬৮টি নলকূপের পানি পরীক্ষা করে ৭৫টিতে মাত্রাতিরিক্ত আর্সেনিকের সন্ধান পায় এবং ৫৩ জন আর্সেনিকোসিস রোগে আক্রান্ত রোগী শনাক্ত করে। আক্রান্ত ব্যক্তিদের কয়েকজনকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে মারাত্মক আর্সেনিকোসিসে আক্রান্ত ১২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ১৫ বছরে তাঁদের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে ওয়াজেদ আলী, নজিনা বেগম, নুরুল ইসলাম, এন্তাজ আলী, তাঁর ছেলে জব্বার আলী ও আব্বাস আলী এবং মেনাজ উদ্দিন মারা যান। ওই এলাকায় আর্সেনিকমুক্ত পানি সরবরাহে রংপুর জনস্বাস্থ্য বিভাগীয় দপ্তর থেকে তিনটি এবং গবেষণা ও উন্নয়ন বিভাগ থেকে দুটি তারা পাম্প বিনা মূল্যে বসানো হলেও তা পর্যাপ্ত আর্সেনিকমুক্ত নয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মোজাহিদুল ইসলাম বলেন, অতিমাত্রার আর্সেনিকযুক্ত পানি মানবদেহের জন্য যেমন মারাত্মক ক্ষতিকর, তেমনি গবাদিপশুর জন্যও ক্ষতির কারণ।