সাতটি এনজিওকে জাপানের পাঁচ কোটি টাকার সহায়তা
বাংলাদেশের সাতটি বেসরকারি সাহায্য সংস্থাকে (এনজিও) আর্থসামাজিক খাতে সেবামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রায় পাঁচ কোটি টাকা দিচ্ছে জাপান।‘গ্রান্ট অ্যাসিস্ট্যান্স ফর গ্রাসরুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টস (জিজিএইচএসপি)’ কর্মসূচির আওতায় এসব সাহায্য সংস্থা প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য ও কারিগরি শিক্ষা খাতে কাজ করবে।গতকাল বুধবার সকালে বারিধারায় বাংলাদেশে জাপানি রাষ্ট্রদূতের বাসভবনে এক অনুষ্ঠানে তিনটি এনজিওর কর্মকর্তাদের সঙ্গে চুক্তি সই করেন রাষ্ট্রদূত শিরো শাদোশিমা। সাহায্য সংস্থাগুলোর পক্ষে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) প্রতিষ্ঠাতা ভ্যালেরি এ টেইলর, আর্সেনিক মিটিগেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের (এএমআরএফ) নির্বাহী পরিচালক ফারিবা ইসলাম এবং ইউনিটারিয়ান সার্ভিস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিসের (ইউএসডিপি) প্রধান ইন য়াইন পৃথক চুক্তিতে সই করেন।১৯৮৯ সাল থেকে এ পর্যন্ত ১৬৯টি আর্থসামাজিক প্রকল্পের জন্য জাপান সব মিলিয়ে ৯০ কোটি টাকার অর্থসহায়তা দিয়েছে। চুক্তি সই অনুষ্ঠানে দূতাবাসের কাউন্সিলর মাসাইয়ুকি তাগা ও প্রথম সচিব হিরোশি ওমুরা উপস্থিত ছিলেন। আগামী ১৮ ডিসেম্বর অন্য চারটি সাহায্য সংস্থার সঙ্গে চুক্তি সইয়ের কথা রয়েছে।