সাতটি ওয়ার্ডে আ.লীগের একাধিক কাউন্সিলর প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার পৌর নির্বাচনে নয়টি ওয়ার্ডের মধ্যে সাতটি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগ-সমর্থিত একাধিক প্রার্থী রয়েছেন। এ নিয়ে নেতা-কর্মীরাও বিভক্ত হয়ে পড়েছেন। পৌরসভার ১, ২, ৩, ৪, ৬, ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের প্রতিটিতে দলের একাধিক কাউন্সিলর পদপ্রার্থী রয়েছেন।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে পাঁচজন প্রার্থীর মধ্যে তিনজনই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী। তাঁরা হলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মাহমুদুর রহমান, যুবলীগের নেতা আজিজুল হক চৌধুরী ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর আবদুর রহমান।
২ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন পৌর আওয়ামী লীগের সাবেক সদস্য রূপক কুমার সেন ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নুর আলম ছিদ্দিকী।
৩ নম্বর ওয়ার্ডের পাঁচজন কাউন্সিলর পদপ্রার্থীর মধ্যে চারজনই আওয়ামী লীগের। তাঁরা হলেন বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া মুহাম্মদ আবু ছৈয়দ, পৌর আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি-বিষয়ক সম্পাদক আলমগীর, আওয়ামী লীগের নেতা রফিক হাসান ও ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিন।
৪ নম্বর ওয়ার্ডেও পাঁচ প্রার্থীর মধ্যে চারজনই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের। তাঁরা হলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাবেক শিক্ষা সম্পাদক গোফরান রানা ও ছাত্রলীগের সাবেক নেতা শফিকুল ইসলাম।
৬ নম্বর ওয়ার্ডে তিন প্রার্থীই আওয়ামী লীগের। তাঁরা হলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবুল কাসেম ও আওয়ামী লীগের সমর্থক শফিউল আলম।
৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাত্রলীগের পটিয়া সরকারি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক হাসান মুরাদ ও আওয়ামী লীগের সমর্থক কামাল উদ্দিন।
৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এস এম খলিলুজ্জামান আমিরী ও যুবলীগের নেতা শেখ সাইফুল ইসলাম।
পটিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর আলম বিভিন্ন ওয়ার্ডে দলের একাধিক কাউন্সিলর প্রার্থী থাকার বিষয়ে বলেন, ‘কাউন্সিলর নির্বাচনটা দলীয়ভাবে না হওয়ায় আমরা কাউন্সিলর প্রার্থী ঠিক করিনি।’