সাতটি ওয়ার্ডে কাউন্সিলর পদে আ.লীগের একাধিক প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে নয়টি ওয়ার্ডের মধ্যে সাতটি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের একাধিক নেতা-কর্মী মনোনয়নপত্র দাখিল করেছেন।
কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদের নির্বাচন দলগতভাবে না হলেও উপজেলা আওয়ামী লীগ এবং পৌর আওয়ামী লীগ একক প্রার্থী বাছাই করে প্রতিটি ওয়ার্ডে দলের একজনকে সমর্থন দিয়ে মনোনীত করেছে। দলের এমন সিদ্ধান্ত না মেনে প্রতিটি ওয়ার্ডেই দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীর ছড়াছড়িতে উপজেলা আওয়ামী লীগ কিছুটা বেকায়দায় পড়েছে। স্থানীয়ভাবে দলটি প্রত্যেক ওয়ার্ডে একক প্রার্থী নিশ্চিত করার জন্য মনোনয়নপত্র দাখিল করা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করছে। এদিকে বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগের একাধিক প্রার্থীর কারণে বিএনপি-সমর্থিত কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কলাপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ কে এম শামসুল আলম এর বিপরীতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. ইসমাইল হোসেন। ২ নম্বর ওয়ার্ডে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীরের বিপরীতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন পৌর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাইজু হেলেন লাকী ও ওয়ার্ড আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এস এম মাঈনুল ইসলাম। ৩ নম্বর ওয়ার্ডে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকি হোসেনের বিপরীতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান কাউন্সিলর আবদুর রাজ্জাক হাওলাদার। ৪ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া খলিলের বিপরীতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. মাহবুবুর রহমান আজাদ। ৭ নম্বর ওয়ার্ডে পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমানের বিপরীতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক ও বর্তমান কাউন্সিলর মো. আলমগীর হোসেন। ৮ নম্বর ওয়ার্ডে উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. মতিয়ার রহমানের বিপরীতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ খালাসি। ৯ নম্বর ওয়ার্ডে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আল আমীন সরদারের বিপরীতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাঁর বড় ভাই উপজেলা যুবলীগের সদস্য আবদুস সালাম সরদার।
সংরক্ষিত নারী আসনেও একই অবস্থা লক্ষ্য করা গেছে। এর মধ্যে ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের সমর্থন দেওয়া হয়েছে রাশিদা বেগমকে। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সহসম্পাদক মনোয়ারা বেগম। ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিগার সুলতানা মিলির বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ কর্মী রোজিনা আক্তার।
কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান খান বলেন, ‘কাউন্সিলর পদের নির্বাচন দলগতভাবে হচ্ছে না এটা ঠিক। তারপরেও আমরা দলের স্বার্থে, দলের বিজয়ের জন্য প্রতিটি ওয়ার্ডে একজন করে প্রার্থী দিয়েছি। অথচ দেখা গেছে তা না মেনে অনেকে প্রার্থী হয়েছে। এখনো সময় আছে, যার ফলে আমরা তা নিরসনে চেষ্টা করছি।’