প্রশাসনিক, অবকাঠামো ও ব্যবস্থাপনাগত ত্রুটিসহ সাতটি কারণে গাজীপুরের মালটিফ্যাবস কারখানায় বয়লার বিস্ফোরণ হয়েছিল বলে মত দিয়েছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। গতকাল বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়।
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় ৩ জুলাই মালটিফ্যাবস লিমিটেড কারখানার বয়লার বিস্ফোরণে ১৩ জন শ্রমিক নিহত এবং শ্রমিক ও পথচারীসহ কমপক্ষে ৫২ জন আহত হন।
গাজীপুর জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলনকক্ষে সকালে জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। তবে তদন্ত কমিটির কোনো সদস্য সেখানে উপস্থিত ছিলেন না।
বিস্ফোরণের ঘটনার দিন রাতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. রাহেনুল ইসলামকে প্রধান করে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। নির্ধারিত সাত কার্যদিবসের মধ্যেই তাঁরা প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে তাঁরা সাতটি কারণকে চিহ্নিত করেন। এর মধ্যে পাঁচটি হলো যান্ত্রিক এবং বাকি দুটি প্রশাসনিক ত্রুটি।
যান্ত্রিক ত্রুটিগুলোর মধ্যে রয়েছে বয়লারে প্রেশারগেজটি নষ্ট হয়ে যাওয়া, ডেলিভারি লাইন বন্ধ থাকা, অপারেটর কর্তৃক প্রেশার রিলিজ করতে ব্যর্থ হওয়া ও বয়লার মেইনটেন্যান্স কর্তৃপক্ষের বয়লার অপারেটরদের উপযুক্ত তদারকির অভাব।
প্রশাসনিক দুটি হলো—প্রশাসনিক অবকাঠামো ও ব্যবস্থাপনাগত ত্রুটি। এসব কারণেই বয়লারটি বিস্ফোরিত হয়েছে বলে কমিটির কাছে প্রতীয়মান হয়েছে।
দুর্ঘটনা রোধে তদন্ত কমিটি ২০টি সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে স্টিম কনজামশন ক্যাপাসিটি অনুযায়ী দেড় গুণ স্টিম প্রোডাকশন ক্ষমতাসম্পন্ন বয়লার ক্রয় করা। আধুনিক সেফটি ভালভ স্থাপন করা। চার ঘণ্টা অগ্নিপ্রতিরোধক ইট দিয়ে দেয়াল নির্মাণ করা। দুই ঘণ্টা অগ্নিপ্রতিরোধক দরজা স্থাপন করা। বয়লার রুম ম্যানুয়াল অনুয়ায়ী নির্মাণ করা। অনুমোদিত প্রেশারে বয়লারের সেফটি ভালভের সেটিংস প্রেশার নিশ্চিত করা। বয়লার ওভার হেডের ওপরে ছয় ফুট ফাঁকা রেখে আরসিসি ছাদ নির্মাণ করতে হবে। সাত দিনে একবার সেফটি ভালেভর প্রেশার চেকআপ করা। প্রতিবছর একবার হাইড্রোস্টাটিক ও হ্যামার টেস্ট করা। স্বল্প শিক্ষিত, অশিক্ষিত বয়লার অপারেটরদের ন্যূনতম দুই মাসের একটি নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করা। কারখানায় ন্যূনতম একজন বিএসসি প্রকৌশলী নিয়োগ বাধ্যতামূলক করা। বয়লার বন্ধ ও চালু করার সময় প্রকৌশলীর উপস্থিত নিশ্চিত করা ও তার লিখিত প্রত্যয়ন বাধ্যতামূলক থাকা।
জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর জানান, তদন্ত কমিটি ২৮ পৃষ্ঠার তদন্ত রিপোর্ট দাখিল করে। এর সঙ্গে ৯১ পৃষ্ঠার সংযুক্তিতে ২৯ জনের জবানবন্দি রয়েছে। ওই কারখানায় ৫ টন ও ১০ টনের দুটি বয়লার ছিল। এর মধ্যে ৫ টনের বয়লারটি বিস্ফোরিত হয় এবং ১০ টনের বয়লারটি ক্ষতিগ্রস্ত হয়েছে।