সারা দেশের পোশাক শ্রমিকদের বেতন-বোনাস দিতে সরকারের বেঁধে দেওয়া সময়সীমা আজ শেষ হচ্ছে। এখন পর্যন্ত সাতটি ছাড়া বাকি সব কারখানার পোশাকশ্রমিকরা ঠিকঠাক বেতন-বোনাস পেয়ে গেছেন বলে দাবি করেছে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।
সংগঠনটি আরও জানিয়েছে, তিনটি কারখানায় ঈদের ছুটি ও একটিতে অগ্রিম বেতন নিয়ে ঝামেলা হচ্ছে।
আজ বুধবার বিকেলে বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ কথা জানান। তাঁরা দাবি করেন, যেসব কারখানায় সমস্যা হচ্ছে সেগুলো সমাধানের চেষ্টা চলছে। আজকের মধ্যেই বেতন-ভাতা দেওয়া হয়ে যাবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি এস এম মান্নান, শহিদুল্লাহ আজিম প্রমুখ।
সংগঠনের নেতারা বলেন, মাসিয়াতা, ইএসি, আনোয়ারা গার্মেন্টস, মেডলার, একেএইচ, স্টাইলো ও জেনিথ নামের সাত পোশাক কারখানায় বোনাস নিয়ে সমস্যা হচ্ছে। এসব কারখানার শ্রমিকেরা মূল বেতনের শত ভাগ বোনাস দাবি করছেন। তা ছাড়া লুসাকা, ইউথ ও ম্যাকপাই কারখানার শ্রমিকেরা ঈদের ছুটি ১০ দিন দাবি করায় ঝামেলা হচ্ছে। আর স্পেকট্রা গার্মেন্টসে অগ্রিম বেতন দাবি করেছেন শ্রমিকেরা।
সংবাদ সম্মেলনে আতিকুল ইসলাম বলেন, ‘বিভিন্ন সংস্থার তথ্যানুযায়ী ঈদের আগে বেতন বোনাস নিয়ে সমস্যা হতে পারে এমন ৯২৭ কারখানা চিহ্নিত করি আমরা। তারপর সেগুলোসহ মোট ৯৪২টি কারখানা পরিদর্শন করা হয়। এর মধ্যে ৯৩৫টিতে সময়মতো বেতন বোনাস দেওয়া হয়েছে। বাকিগুলোতে দেওয়ার প্রক্রিয়া চলছে।’
বিজিএমইএর সভাপতি আরও বলেন, বেতন-ভাতা নিয়ে যাতে সমস্যা না হয় সে জন্য নয়টি আঞ্চলিক কমিটি ও ১৫টি তদারকি দল গঠন করা হয়। এ ছাড়া বিজিএমইএ কার্যালয়ে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। এটি ঈদের দিনও খোলা থাকবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজিএমইএর পরিবার থেকে এবারের ঈদ রানা প্লাজার নিহত ও আহত শ্রমিকদের উদ্দেশে উত্সর্গ করা হয়েছে। সংগঠনের নেতারা ঈদের দিন সিআরপি ও এনাম মেডিকেলে চিকিত্সাধীন আহত শ্রমিকদের সঙ্গে কাটাবেন বলেও জানান তিনি।
এ ছাড়া ঈদ শেষে যাতে শ্রমিকেরা নির্বিঘ্নে গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে ফিরতে পারেন সে জন্য জামায়াতে ইসলামীর ডাকা ১৩ ও ১৪ আগস্টের হরতাল প্রত্যাহারের আহ্বান জানান বিজিএমইএর সভাপতি।