সাতটি দুর্ঘটনায় নিহত ৮
চট্টগ্রামের সীতাকুণ্ড, কুষ্টিয়ার ভেড়ামারা, বাগেরহাটের কচুয়া, নাটোরের বড়াইগ্রাম, জয়পুরহাট, চাঁদপুর ও ফেনীর ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। চাঁদপুরের দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। প্রতিনিধিদের পাঠানো খবর:সীতাকুণ্ড (চট্টগ্রাম): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় গতকাল ভোর চারটার দিকে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ১৭ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে প্রায় দুই ঘণ্টা যানজটের সৃষ্টি হয়।বারআউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদুল আলম জানান, ঢাকা থেকে ইউনিক পরিবহনের একটি বাস ও ঢেউটিন বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নুরুল ইসলাম (৩৮) ও বাসের চালক কাজী জামাল (৩৫) নিহত হন। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।কুষ্টিয়া: ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক সড়কে বাসের চাপায় মোটরসাইকেলের আরোহী রেজাউল ইসলাম (৩০) নিহত হয়েছেন। তিনি গ্রিন ফার্মা ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ভেড়ামারার কাঠের পুলে এ দুর্ঘটনা ঘটে।বাগেরহাট: গজালিয়া-কচুয়া সড়কে নছিমন উল্টে শুকলাল শিকদার (৪০) নামের এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নছিমনের চালক মামুন মাঝি (৩৫)। রোববার রাতে মাদারতলায় নছিমন খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার রেজুর মোড়ে ট্রাকের ধাক্কায় সুজন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।জয়পুরহাট: জয়পুরহাট-পাঁচবিবি সড়কে গতকাল বেলা পৌনে চারটার দিকে পারুলিয়ার ডাক্তারপাড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে অনয় মহন্ত নামের এক ব্যক্তি নিহত হন।চাঁদপুর: চাঁদপুরে বাসের ধাক্কায় শান্তি বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এই ঘটনায় চাঁদপুর সরকারি কারিগরি উচ্চবিদ্যালয় এলাকায় গতকাল বেলা সাড়ে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত দুই ঘণ্টা চাঁদপুর-কুমিলা সড়ক অবরোধ করে রাখে ক্ষুব্ধ জনতা।ছাগলনাইয়া (ফেনী): চাঁদগাজী বাজারের মহামায়া ব্রিজের পাশে গতকাল দুপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফরিদ আহাম্মদ (৪০) নামের এক ব্যক্তি নিহত হন।