সাতটি দোকান সন্ধ্যা নদীতে বিলীন
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সন্ধ্যা নদীর ভাঙনের কবলে পড়েছে দক্ষিণ কৌরিখাড়া লঞ্চঘাট ও লঞ্চঘাটসংলগ্ন বাজার। গত সোমবার সন্ধ্যায় লঞ্চঘাট এলাকায় সাতটি দোকান নদীগর্ভে বিলীন হয়ে যায়।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী জানান, নদীর আকস্মিক ভাঙনে ওই এলাকায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। ঝুঁকিতে আছে লঞ্চঘাট বাজার। ভাঙনে লঞ্চঘাট বা পন্টুন তীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে লঞ্চযাত্রীরা ভোগান্তিতে পড়েছে।
লঞ্চঘাট এলাকার ব্যবসায়ী আসাদুজ্জামান বলেন, ভাঙনের ঝুঁকিতে রয়েছে বাজারের আরও ৮ থেকে ১০টি দোকান। ভাঙন রোধ করা না গেলে পুরো বাজারটি নদীগর্ভে চলে যাবে।
নদীর পাড়ের নয়জন বাসিন্দা বলেন, চার মাস ধরে সন্ধ্যা নদীতে ভাঙন অব্যাহত রয়েছে। উপজেলার নয়টি গ্রাম ভাঙনের ঝুঁকিতে আছে। সেগুলো হলো দক্ষিণ কৌরিখাড়া, সোহাগদল, গনমান, মুনিনাগ, জলাবাড়ী, উত্তর কৌরিখাড়া, শান্তিহার, ছারছীনা ও কুনিয়ারী। নদীভাঙনের কারণে দক্ষিণ কৌরিখাড়া গ্রামের আয়তন দিন দিন ছোট হয়ে আসছে। গত কয়েক মাসে গনমান গ্রামের একটি লবণ কারখানাসহ কয়েক একর ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। পিরোজপুর-নেছারাবাদ সড়কের কামারকাঠি এলাকায় সড়কের একাংশ ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী উজ্জ্বল সেন বলেন, ‘আমি দক্ষিণ কৌরিখাড়া লঞ্চঘাট এলাকায় নদীভাঙনের কথা শুনেছি। সন্ধ্যা নদীর ভাঙন রোধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কারিগরি প্রতিবেদন পাঠানো হবে।’