সাতটি দোকানকে ৫৮ হাজার টাকা জরিমানা
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্যতেল ও চিনি বিক্রি করায় রাজধানীর সাতটি দোকানকে ৫৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।মগবাজার ও মধুবাগ বাজারে পরিদর্শনমূলক অভিযান চালিয়ে গতকাল সোমবার এই জরিমানা করে অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অভিযুক্তদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।বোতলজাত সয়াবিন তেল ও প্যাকেটজাত চিনি লিখিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় মধুবাগ এলাকার আলী স্টোর, মগবাজারের মোজাম্মেলের দোকান ও জনী এন্টারপ্রাইজকে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করেন আদালত। একই এলাকার ভাই ভাই ডিপার্টমেন্টাল স্টোর, সামান্তা স্টোর, মোজাম্মেলের দোকান ও মালেক স্টোরকে প্যাকেটজাত চিনির প্যাকেটের গায়ে খুচরা মূল্য লেখা না থাকার পরও তা বিক্রি করায় ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও বিতরণের অভিযোগে মধুবাগ এলাকার রনি হোটেলকে আট হাজার টাকা জরিমানা করেন আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (উপসচিব) এ বি এম বদিউজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও র্যাবের একটি দল অভিযানে সহায়তা করে। বিজ্ঞপ্তি।