সাতটি নারী ও ছাত্রসংগঠনের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাউখালী বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী থোমা চিং মারমা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সাতটি ছাত্র ও নারী সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল রোববার রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের দক্ষিণ গেটের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে সংগঠনগুলোর পক্ষ থেকে হত্যাকারীদের অবিলম্বে খুঁজে বের করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। গত শুক্রবার বিকেলে কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের ডলুপাড়া গ্রামের পার্শ্ববর্তী পাহাড় থেকে গরু আনতে গেলে থোমা চিং মারমাকে ধর্ষণ ও হত্যা করা হয়। সে জমিসংক্রান্ত বিরোধে ধর্ষণ ও হত্যার শিকার হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল ও পার্বত্য চট্টগ্রামভিত্তিক নারী সংগঠন উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত মানবন্ধন কর্মসূচিতে দক্ষিণ এশিয়াভিত্তিক নারী সংগঠন হিমাওয়ান্তি, বাংলাদেশ মহিলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উইমেন্স নেটওয়ার্ক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন স্তরের সাধারণ লোকজন অংশগ্রহণ করে।এ সময় বক্তব্য দেন হিমাওয়ান্তির বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারপারসন টুকু তালুকদার, বাংলাদেশ মহিলা পরিষদের রাঙামাটি জেলা সভাপতি কনিকা বড়ুয়া, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের রাঙামাটি জেলা সভাপতি উনুচিং মারমা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাঙামাটি জেলা সমন্বয়ক সৈকত রঞ্জন চৌধুরী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের রাঙামাটি জেলা সমন্বয়ক তনয় ত্রিপুরা প্রমুখ।