সাতটি পদের ছয়টিই খালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তার (এটিও) সাতটি পদের ছয়টিই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষকদের তদারকি মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।চুনারুঘাট উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১১০টি সরকারি ও ৫৬টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয় পরিদর্শন, শিক্ষকদের ছুটি প্রদান, উপস্থিতি, শ্রেণীকক্ষে পাঠদানের তদারকি করার জন্য উপজেলায় এটিওর সাতটি পদ রয়েছে। কিন্তু বর্তমানে মাত্র একজন কর্মরত আছেন।বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির চুনারুঘাট উপজেলার সভাপতি ও হাজি ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোতাহির চৌধুরী প্রথম আলোকে বলেন, সাতজন এটিওর কাজ একজনের পক্ষে করা সম্ভব নয়। তার পরও শিক্ষকদের সহযোগিতায় একজনই এখন দায়িত্ব পালন করছেন। এতে শিক্ষকেরা নানা ভোগান্তির শিকার হচ্ছেন। উপজেলার একমাত্র এটিও মাজহারুল হুদা বলেন, ‘আমি একাই এখন পুরো উপজেলার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষকদের তদারকি করছি।’ নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার একজন শিক্ষক প্রথম আলোকে বলেন, ‘একেই বলে “একের মাথায় সাতের বোঝা”।’ চুনারুঘাট উপজেলার শিক্ষা কর্মকর্তা মো. সোহাগ হোসেন প্রথম আলোকে বলেন, সহকারী শিক্ষা কর্মকর্তার ছয়টি পদ খালি থাকায় প্রশাসনিক কাজকর্ম, বিদ্যালয় পরিদর্শন ও শ্রেণীকক্ষে শিক্ষকের পাঠদানের তদারকি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে।হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) সামছুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হবিগঞ্জ জেলায় এটিওর ৩০টি পদ শূন্য রয়েছে। এগুলোর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।